Ajker Patrika

১৮৫০ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার, আসবে কবে

বাসস, ঢাকা  
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৫: ২০
১৮৫০ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার, আসবে কবে
ফাইল ছবি

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অগ্রিম আয়করসহ (এআইটি) এই দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।

গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আন্তর্জাতিক ‘রিকোয়েস্ট ফর কোটেশন’ (আরএফকিউ) পদ্ধতিতে এই প্রস্তাব পেশ করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পৃথক দুটি ধাপে এই এলএনজি কার্গো বাংলাদেশে পৌঁছাবে। প্রথম কার্গোটি আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার মূল্যে এটি কেনা হচ্ছে। অগ্রিম আয়করসহ এই কার্গোটির মোট ব্যয় ধরা হয়েছে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা।

অন্যদিকে, দ্বিতীয় কার্গোটি আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমোদিত হয়েছে। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়কর মিলিয়ে এই কার্গোর মোট ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী প্রস্তাবটি পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং সার্বিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই জরুরি এলএনজি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত