
বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ করা হবে।
আজ শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদ্যোগে বিশ্বনেতাদের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তত্ত্বাবধানে এই যৌথ পদক্ষেপের বিষয়ে একমত হন নেতারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল বিদেশে রপ্তানি বন্ধের হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে উদ্বেগের সৃষ্টি হয়। মূলত আমদানিনির্ভর ইউরোপকে তাদের নিজস্ব কৌশলগত মজুত ব্যবহারের জন্য চাপ দিতেই ওয়াশিংটন এই কৌশল নেয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বেশ চাপে পড়ে ইউরোপের দেশগুলোও। পরবর্তী সময়ে ট্রাম্প ও মাখোঁর ফোনালাপের পর জি-৭ নেতাদের জরুরি এই বৈঠকটি আহ্বান করা হয়।
বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিশ্বনেতারা জানান, জি-৭ ভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি পণ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে কোনো প্রকার রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের জনগণের জন্য জ্বালানি তেলের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার। বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইউরোপ তাদের বিপুল পরিমাণ মজুত থেকে তেল-ডিজেল ছাড়তে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।
অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, শোধনাগারগুলোতে জ্বালানি উৎপাদন বৃদ্ধি করা, জোটবদ্ধভাবে ১০০ মিলিয়ন ব্যারেল জরুরি মজুত বাজারে আনা এবং সদস্য দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য বহাল রাখার ক্ষেত্রে একযোগে কাজ করতে তাঁরা সম্মত হয়েছেন।
জি-৭ জোটের অন্যান্য সদস্য দেশগুলো হলো—যুক্তরাজ্য, জাপান, কানাডা, জার্মানি এবং ইতালি। এই সম্মিলিত পদক্ষেপের ফলে বিশ্ববাজারে ডিজেল ও অপরিশোধিত তেলের চড়া দাম কিছুটা কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৩ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১ দিন আগে