
যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়, যা দেশের এভিয়েশন খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।
চুক্তি অনুযায়ী বিমানের বহরে যুক্ত হবে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো চুক্তির মূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৭ হাজার কোটি টাকা)। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ সংস্থার পক্ষে এবং বোয়িংয়ের প্রতিনিধি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও এভিয়েশন খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার ফলে বিমানের বহর আধুনিকায়ন, দীর্ঘযাত্রার রুট সম্প্রসারণ এবং আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ দূরত্বের রুটে সেবা জোরদার করবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম দূরত্বের আঞ্চলিক রুটে কার্যক্রম শক্তিশালী করতে সহায়ক হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ বলেন, ‘জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিনির্ভর এই উড়োজাহাজগুলো সংযোজনের মাধ্যমে বিমানের অপারেশনাল দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হবে।’ এতে বৈশ্বিক এভিয়েশন বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের ভাইস প্রেসিডেন্ট পল রিগবি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বিমান বিশ্বের অল্প কয়েকটি এয়ারলাইনসের কাতারে যুক্ত হবে, যারা ড্রিমলাইনার পরিবারের তিনটি সংস্করণ—৭৮৭-৮, ৭৮৭-৯ ও ৭৮৭-১০ একসঙ্গে পরিচালনা করবে। নতুন উড়োজাহাজগুলো আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।’
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন জানান, বহর সম্প্রসারণের মাধ্যমে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানো, পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপন, নতুন রুট চালু এবং সংস্থার লাভজনকতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘২০৩৪-৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এই চুক্তি এমন সময়ে সম্পন্ন হলো, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে। নতুন টার্মিনাল ও আধুনিক বহর যুক্ত হলে বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আরও জোরদার হবে।
প্রসঙ্গত, এই উড়োজাহাজ ক্রয় নিয়ে কয়েক বছর ধরে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যন্ত বোয়িংয়ের সঙ্গেই চুক্তি সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের সেই প্রতিযোগিতার অবসান ঘটল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বিআরএইচসি এবং চীনের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১-এ যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সম্পন্ন হয়। এই উদ্যোগের ফলে...
২২ মিনিট আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন ব্যাংকার মো. আব্দুল্লাহ আল-মামুন। গত মঙ্গলবার তিনি যোগ দেন।
১ ঘণ্টা আগে
বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের শুরু ২০১৮ সালে। ওই বছর বোয়িং ম্যাক্স-৮ মডেলের দুটি উড়োজাহাজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরে ২০১৯ সালে সারা বিশ্বে বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলোর উড্ডয়ন এক বছরের বেশি সময়ের জন্য নিষিদ্ধ (গ্রাউন্ডেড) করা হয়েছিল।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে এক দিনেই দুই দফা পরিবর্তন হলো সোনার দাম। সকালে দাম কমানোর ঘোষণা দিলেও সন্ধ্যায় নতুন করে মূল্যবৃদ্ধি হয়ে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এর আগে সকালে ঘোষিত দরে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
৩ ঘণ্টা আগে