দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে চারটি বড় ঝুঁকির মুখে রয়েছে—উচ্চ মূল্যস্ফীতি, মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ, রাজস্ব আদায়ে দীর্ঘস্থায়ী ঘাটতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বল গতি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক হালনাগাদ ও পূর্বাভাস প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, অর্থনীতির কিছু খাতে ইতিবাচক প্রবণতা থাকলেও সামগ্রিক স্থিতিশীলতা ধরে রাখতে এসব কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি।
জিইডির মতে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিগত ধারাবাহিকতা বজায় রাখা। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে মূল্যস্ফীতির চাপ এখনো উল্লেখযোগ্য। জানুয়ারিতে সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৪৯ শতাংশ। চালের দাম কিছুটা কমায় সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত মিললেও মাছ, ফল ও সবজির দাম বেড়ে যাওয়ায় খাদ্য ব্যয় আবারও বাড়তে শুরু করেছে। জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.২৯ শতাংশ, যা ডিসেম্বরের ৭.৭১ শতাংশের তুলনায় বেশি। একই সময়ে অখাদ্য মূল্যস্ফীতি সামান্য কমে ৯.১৩ শতাংশ থেকে ৮.৮১ শতাংশে নেমেছে।
জিইডির বিশ্লেষণে দেখা গেছে, সামগ্রিক মূল্যস্ফীতির সবচেয়ে বড় অবদান এখনো খাদ্য খাত থেকেই আসছে। জানুয়ারিতে মোট মূল্যস্ফীতির প্রায় ৪৩ শতাংশ এসেছে খাদ্য খাত থেকে, যা আগের মাসে ছিল প্রায় ৪০ শতাংশ। আবাসন ও ইউটিলিটি খাতের অবদান প্রায় ১৫ শতাংশ এবং বিবিধ পণ্য ও সেবার অবদান ৯ শতাংশের কিছু বেশি। তবে চালের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতির ভেতরের কাঠামোতে কিছু পরিবর্তন দেখা গেছে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল ৩৭ শতাংশের বেশি, যা জানুয়ারিতে কমে প্রায় ২২ শতাংশে নেমে এসেছে। একই সময়ে চালের মূল্যস্ফীতি ১১.৯২ শতাংশ থেকে কমে ৭.৬১ শতাংশে দাঁড়িয়েছে।
কিন্তু চালের দামে এই স্বস্তি সামগ্রিক পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, সবজি, ফল ও মাছের দাম বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি উচ্চপর্যায়েই রয়ে গেছে। বিশেষ করে মাছ ও শুকনা মাছ খাদ্য মূল্যস্ফীতির বড় অবদানকারী হিসেবে উঠে এসেছে। সবজির দাম বাড়ার পেছনে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং পাইকারি ও মধ্যস্বত্বভোগী পর্যায়ে অতিরিক্ত মুনাফার প্রবণতাকে দায়ী করা হয়েছে।
মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার কম থাকায় সাধারণ মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতার ওপরও চাপ বাড়ছে। জানুয়ারিতে মজুরি বৃদ্ধি হয়েছে ৮.০৮ শতাংশ, যা ডিসেম্বরের ৮.০৭ শতাংশের তুলনায় প্রায় অপরিবর্তিত। অর্থাৎ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে। জিইডির হিসাবে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এই প্রবণতা বজায় রয়েছে, ফলে জীবনযাত্রার ব্যয় ও আয়ের ব্যবধান ধীরে ধীরে বাড়ছে।
অন্যদিকে রাজস্ব আদায়েও প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। জানুয়ারিতে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৫৪৫ কোটি টাকা, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করতে পেরেছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১২ কোটি টাকা। আমদানি-রপ্তানি শুল্ক, অভ্যন্তরীণ ভ্যাট এবং আয়কর—সব প্রধান খাতেই লক্ষ্যমাত্রার তুলনায় কম আদায় হয়েছে। যদিও মাসভিত্তিক হিসেবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রাজস্ব আদায় কিছুটা বেড়েছে, তবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি মাত্র ৩.৮১ শতাংশ।
প্রতিবেদনটি উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রেও উদ্বেগের ইঙ্গিত দিয়েছে। চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। প্রকল্প প্রস্তুতিতে দুর্বলতা, ক্রয়প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, জমিসংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
১২ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রমালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
১২ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই...
১২ ঘণ্টা আগে