
মোবাইল ব্যালেন্স লোনের ওপর একাধিক পর্যায়ে করের বোঝা চাপানো হচ্ছে অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, ব্যালেন্স লোনের সার্ভিস চার্জ, প্রযোজ্য কর ও অন্যান্য কর্তনের পূর্ণাঙ্গ হিসাব ঋণ নেওয়ার আগেই গ্রাহককে জানাতে হবে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিবৃতিতে বলা হয়, মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ব্যালেন্স লোন দেওয়ার সুবিধা চালুর পরিকল্পনা করছে। এ জন্য ১০ টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
জরুরি মুহূর্তে এ সুবিধা কাজে এলেও ঋণ গ্রহণ ও পরিশোধের বিভিন্ন পর্যায়ে কর আরোপের কারণে গ্রাহকের প্রকৃত ব্যয় বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল অপারেটরদের বক্তব্য অনুযায়ী বর্তমানে ১০০ টাকার মোবাইল সেবায় ৫৮ টাকা কর আদায় করা হয়। সে হিসাবে ৫০০ টাকার বিপরীতে প্রথম ধাপে ২৯০ টাকা করের হিসাব আসে। এর সঙ্গে রয়েছে ১০ টাকা সার্ভিস চার্জ।
ব্যালেন্স লোন নেওয়ার সময় একবার এবং পরিশোধের সময় আবার কর কাটা হলে গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন মহিউদ্দিন আহমেদ।
মোবাইল ব্যালেন্স লোনকে গ্রাহকের সাময়িক যোগাযোগসংকট মোকাবিলার সুবিধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সার্ভিস চার্জের পাশাপাশি কর আরোপ এবং ঋণ সমন্বয়ের সময় পুনরায় কর কাটা হলে গ্রাহকের ব্যয় অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যেতে পারে। নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীদের জন্য এ ধরনের অতিরিক্ত ব্যয় উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, একজন গ্রাহক ৫০০ টাকা ব্যালেন্স লোন নিলে নির্ধারিত শর্তে ওই অর্থ ব্যবহার করতে পারবেন—এটাই তাঁর প্রত্যাশা। তবে ঋণ গ্রহণ, সার্ভিস চার্জ ও ঋণ সমন্বয়ের বিভিন্ন পর্যায়ে কীভাবে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর হিসাব করা হচ্ছে, তা স্পষ্ট না হলে সেবাটিকে স্বচ্ছ ও গ্রাহকবান্ধব বলা যায় না।
প্রতিটি পর্যায়ে কর কাটলেই আইনগতভাবে একই কর একাধিকবার আদায় করা হচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ঋণ হিসেবে দেওয়া ব্যালেন্স, সার্ভিস চার্জ, ব্যবহৃত টেলিযোগাযোগ সেবা এবং পরবর্তী রিচার্জ থেকে ঋণ সমন্বয়ের ক্ষেত্রে কোন খাতে কী হারে কর প্রযোজ্য হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ পর্যালোচনাও চেয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, ৫০০ টাকা লোনের বিপরীতে সার্ভিস চার্জ, প্রযোজ্য কর ও অন্যান্য কর্তনসহ মোট কত টাকা আদায় করা হবে, তা ঋণ নেওয়ার আগেই গ্রাহককে জানাতে হবে।
জরুরি যোগাযোগের জন্য দেওয়া ব্যালেন্স লোনকে অপারেটরদের অতিরিক্ত আয়ের মাধ্যম না বানিয়ে স্বচ্ছ, যুক্তিসংগত ও গ্রাহকবান্ধব সেবা হিসেবে পরিচালনার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। প্রযোজ্য আইন ও বিধির বাইরে কোনো চার্জ বা কর আদায় করা হলে তা বন্ধ এবং অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে গ্রাহককে ফেরত দেওয়ার ব্যবস্থার দাবিও জানানো হয়।
মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ফোন এখন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, কর্মসংস্থান, ব্যাংকিং ও জরুরি যোগাযোগের অপরিহার্য মাধ্যম। ব্যালেন্স লোনের মতো সাময়িক আর্থিক সুবিধায় অতিরিক্ত চার্জ ও অস্পষ্ট করের কারণে গ্রাহকের ব্যয় বাড়লে তা প্রকৃত অর্থে গ্রাহকবান্ধব সেবা হিসেবে বিবেচিত হতে পারে না।
বিবৃতিতে ব্যালেন্স লোনের পূর্ণাঙ্গ ব্যয় ও করকাঠামো প্রকাশ, নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষ তদন্ত এবং গ্রাহকের আর্থিক স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান— এই তিন ক্ষেত্রেই বাংলাদেশ ও ভারতের থেকে পিছিয়ে আছে পাকিস্তান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বহুমাত্রিক দারিদ্র্য সূচকসংক্রান্ত সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। এবার প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা কমিয়ে ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটে প্রতি ভরির দাম ৩ হাজার ৪৪১ টাকা।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে। অব্যাহত অর্থনৈতিক সংকট ও নানামুখী অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে বিশ্বব্যাংক ও এডিবির পর এবার আন্তর্জাতিক এই সংস্থাও তাদের পূর্বাভাস সংশোধন করল।
৭ ঘণ্টা আগে