Ajker Patrika

২০২৭ সালে ব্যাংকে ছুটি ৩০ দিন, কোন মাসে কত দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০: ০৭
২০২৭ সালে ব্যাংকে ছুটি ৩০ দিন, কোন মাসে কত দিন
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

আগামী ২০২৭ সালের জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সাপ্তাহিক ছুটি বাদে সারা দেশে ব্যাংকগুলোর জন্য ৩০ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে পার্বত্য তিন জেলার জন্য চৈত্রসংক্রান্তি উপলক্ষে আরও এক দিন ছুটি থাকবে। সব মিলিয়ে ছুটির তালিকায় রয়েছে ৩১ দিন।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনাটি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংককর্মীরা সবচেয়ে বেশি ছুটি পাবেন মার্চ ও মে মাসে। দুই মাসেই ছুটির তালিকায় রয়েছে আট দিন করে। মার্চে ঈদুল ফিতর, শবে কদর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি রয়েছে। আর মে মাসে রয়েছে মহান মে দিবস, ঈদুল আজহা ও বুদ্ধপূর্ণিমার ছুটি।

মার্চ মাসে ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে। তবে ৫ ও ২৬ মার্চ শুক্রবার হওয়ায় এ দুটি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে মার্চে কার্যকর ছুটি থাকবে ছয় দিন। এর সঙ্গে শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে মাসটিতে ব্যাংককর্মীদের জন্য দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে।

মে মাসে ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৫ মে শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। আবার ২০ মে বুদ্ধপূর্ণিমার ছুটিও ঈদের ছুটির মধ্যে পড়েছে। ফলে ঈদ উপলক্ষে কার্যকর ছুটি থাকবে পাঁচ দিন। তবে ১৪ মে শুক্রবার এবং ২১ ও ২২ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা না থাকলে টানা নয় দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ১ মে মহান মে দিবসের ছুটি রয়েছে।

কোন মাসে কত দিন ছুটি

জানুয়ারি: আগামী বছরের প্রথম মাসে শবে বরাত উপলক্ষে ২৪ জানুয়ারি রোববার ছুটি থাকবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখ পরিবর্তিত হতে পারে। নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটি পাবেন ব্যাংককর্মীরা।

ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রোববার ছুটি থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটি পাবেন ব্যাংকাররা।

মার্চ: এ মাসে ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পাঁচ দিন, শবে কদরে ৭ মার্চ এবং জুমাতুল বিদায় ৫ মার্চ ছুটি থাকবে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে। তবে ৫ ও ২৬ মার্চ শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। সব মিলিয়ে মার্চে ঈদ ও অন্যান্য ছুটি উপলক্ষে দীর্ঘ অবকাশের সুযোগ রয়েছে।

এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বুধবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এর আগের দিন ১৩ এপ্রিল মঙ্গলবার চৈত্রসংক্রান্তি উপলক্ষে শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার ব্যাংকগুলোতে ছুটি থাকবে। নববর্ষের ছুটির পর ১৫ এপ্রিল বৃহস্পতিবার ব্যক্তিগত ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ পাবেন ব্যাংকাররা।

মে: মহান মে দিবস উপলক্ষে ১ মে শনিবার ছুটি থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৫ মে সাপ্তাহিক ছুটির দিন এবং ২০ মে বুদ্ধপূর্ণিমার ছুটি একই দিনে পড়েছে। ঈদের ছুটির আগে ১৪ মে শুক্রবার এবং পরে ২১ ও ২২ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা নয় দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে।

জুন: পবিত্র আশুরা উপলক্ষে ১৬ জুন বুধবার ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ব্যক্তিগত ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি কাটানো সম্ভব।

জুলাই: ১ জুলাই বৃহস্পতিবার ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি হবে।

আগস্ট: এ মাসে তিন দিন সরকারি ছুটি রয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট বুধবার জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। প্রথম দুটি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের অবকাশ পাওয়া যাবে।

সেপ্টেম্বর: এ মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া ব্যাংকের জন্য কোনো সরকারি ছুটি নেই।

অক্টোবর: হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর শনি ও রোববার ছুটি থাকবে। এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকবে।

নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রোববার ছুটি থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি পাবেন ব্যাংকাররা।

ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি পাওয়া যাবে। এ ছাড়া যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে। তবে দুটি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তিত হতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতে ছুটির তারিখ সমন্বয় করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত