
সিলেটে কদমতলী বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনায় করা মামলা প্রত্যাহার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে পরিবহনশ্রমিক নেতারা ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।
শ্রমিকনেতারা জানান, গত ১৯ মে সিলেট বিভাগে আহূত পরিবহনশ্রমিক কর্মবিরতি পুলিশ প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়েছিল। তবে ৬ জুন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আবারও কর্মবিরতির বিষয়ে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন।
দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ৮২টি রোড উপকমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হাজি ময়নুল ইসলাম। সঞ্চালনা করেন ফেডারেশনের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
সভায় বক্তব্য দেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসভাপতি মানিক মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং কার্যকরী সদস্য শেখ আজিজ, আতিক মিয়া, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।
নেতারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে গত ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহনশ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।
নেতাদের ভাষ্য অনুযায়ী, গত ১৭ মে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের আহ্বানে মতবিনিময়ের পর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় ৬ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। ওই সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নির্দোষ নেতাদের মামলা থেকে অব্যাহতি প্রদান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে নেতাদের গ্রেপ্তার ও হয়রানি না করা এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বাস দেন বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় আরও বলা হয়, ৯ জুন পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে আবারও কর্মবিরতির ঘোষণার বিষয়ে শ্রমিকনেতারা ঐক্যবদ্ধ হয়েছেন।
সভায় শ্রমিকনেতাদের প্রতি কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানানো হয়। সংগঠনের ঐক্য সুসংহত ও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে দুজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ শ্রমিকনেতাদের আসামি করে মামলা করা হয়।

ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকায় নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে