Ajker Patrika

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
আপডেট : ২০ মার্চ ২০২৬, ২০: ৫১
‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’
বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের ছেলে আব্দুল গফফার ও তাঁর পরিবার। আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে। ছবি: আজকের পত্রিকা

রাত পোহালেই আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। চারপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। কেনাকাটাসহ নানা আয়োজনে ব্যস্ত সবাই। কিন্তু প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বড় ছেলে আব্দুল গফফারের পরিবারে আনন্দের ছিটেফোঁটাও নেই। হামলায় মাথা গোঁজার ঠাঁই বসতঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। লুট করে নেওয়া হয়েছে ঘরের মালামালও। ছয় দিন ধরে খোলা আকাশের নিচে স্ত্রী, শিশুসন্তানদের নিয়ে এখন তাঁর অনিশ্চয়তা, উৎকণ্ঠায় দিন কাটছে।

হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত আব্দুল গফফার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বড় ছেলে।

আব্দুল গফফার বলেন, ‘খুব কষ্ট দিন কাটছে। এ ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, ঈদ তাদের জন্য!’

গত রোববার দুপুরে ওই পরিবারের বসতঘরে হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। লুট করে নেওয়া হয় ঘরের সব আসবাব। জমি জোরপূর্বক দখল ও চাঁদার দাবিতে রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘরটিতে এই হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত নিজাম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

আজ শুক্রবার (২০ মার্চ) সরেজমিন পরিবারটির সঙ্গে কথা হয়। এ সময় আব্দুল গফফার জানান, তাঁর প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার নামে পাওয়া সরকারি বন্দোবস্তের জমিটুকুই ছিল তাঁদের মাথা গোঁজার ঠাঁই। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে তাঁর সংসার চলে। স্ত্রী ও দুই সন্তান মিলে চার সদস্যের পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঈদের নতুন কাপড় দূরের কথা, এক কাপড়ে কাটছে তাঁদের দিন-রাত।

আব্দুল গফফার জানান, ছয় দিন ধরে আশ্রয় হারিয়ে কখনো বোনের বাড়িতে, কখনো ভাঙা ঘরের পাশে সময় কাটে গফফারের। তবে কেউ তাঁদের একটু খোঁজও নেননি। মেলেনি সরকারি কোনো সহায়তাও।

আব্দুল গফফার বলেন, ‘বৈশাখী ঝড়ের মতো সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। ঘরে কিছুই নেই। টিনের চাল থেকে শুরু করে পড়নের কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে। আমি সিএনজিচালক মানুষ। দিন আনি, দিন খাই। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় কাজেও যেতে পারছি না। বাচ্চাদের নতুন কাপড় দেওয়া তো দূরের কথা, এক কাপড়েই ছয় দিন কেটে গেছে।’

প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস পেলেও সেখানে কে ঘর নির্মাণ করে দেবেন, সেই প্রশ্ন সব হারানো আব্দুল গফফারের। তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের পরে নতুন করে আমার বাবার নামের বন্দোবস্তকৃত জমি চিহ্নিত করে দেওয়া হবে। কিন্তু আমার ঘর কে তৈরি করে দেবে? খুব কষ্ট দিন কাটছে। এ ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, ঈদ তাদের জন্য!’

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, ‘এভাবে হামলা করে ঘরটি ভেঙে মালামাল লুটপাট করে নেওয়া খুবই দুঃখজনক। একটি পরিবারের সবকিছু লুট করে নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি। কোনো ঝামেলা হয়ে থাকলে বিষয়টি সালিস বৈঠকের মাধ্যমে সমাধান করা যেত।’

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পর প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের নামে বন্দোবস্তের জমি তাঁর ছেলেকে চিহ্নিত করে দেওয়া হবে। বসতঘরে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে।’

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের নামে বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখল ও চাঁদার দাবিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে ওই বসতঘরে হামলা ও লুটপাট চালানো হয়।

ঘটনার দুই দিন পর গত মঙ্গলবার রাতে আব্দুল্লাহ খানের বড় ছেলে আব্দুল গফফার থানায় মামলা করেন। এতে নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়। মোট আসামি করা হয় ১৩ জনকে। মামলা পর ওই রাতেই পুলিশ যুবদল নেতা নিজামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার নিজামকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রধান আসামি নিজামকে গ্রেপ্তারের পর গণমাধ্যমকে জানান, মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত