
সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতা নিরসন ও বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যানারে মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তারা হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।
আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সভাপতি জামিল আহমেদ, আইনজীবী এমাদুল্লাহ উল্লাহ শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পীযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় মানববন্ধনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংস্থার সভাপতি কাসমির রেজা। তিনি বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের ১২টি উপজেলায় অর্ধশত হাওরে অন্তত ২ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এসব জমির কাঁচা ধানগাছে পচন ধরেছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।’
কাসমির রেজা আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের অর্ধেক কাজ ও শেষ হয়নি, যা নজিরবিহীন। বাঁধের কাজে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা ৯ মার্চ তাহিরপুরে মানববন্ধন করে এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক করেছিলাম। এখনো শতভাগ বাঁধের কাজ শেষ হয়নি। বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
মানববন্ধনে বক্তারা, গত কয়েক দিনের বৃষ্টির কারণে জলাবদ্ধতায় সুনামগঞ্জের ১২টি উপজেলায় অর্ধশত হাওরে অন্তত ২ হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। বোরো মৌসুমে হাওরে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে পাহাড়ি ঢল যেন হাওরে ঢুকতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা, কারিগরি বিশেষজ্ঞদের মতামত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাওর ব্যবস্থাপনার একটি টেকসই পরিকল্পনা নিতে হবে।’
বক্তারা আরও বলেন, এরই মধ্যে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বেশির ভাগ ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অন্য হাওরগুলোর মধ্যে পাখিমারা হাওর, দেখার হাওর, করচার হাওর, কানলার হাওর, খাই হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর, পাগনার হাওর, তাহিরপুরের শনির হাওর, মাটিয়ান হাওর, দিরাই উপজেলার কালিকোটা, টাংনি, হুরামন্দিরা, বরাম ও চাপতির হাওর, মধ্যনগরের ঠগার হাওর, শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর, সাংহাই হাওর, খাই হাওর, জামখলা হাওর ও কাঁচিভাঙা হাওরের নিচু জমিগুলোও পানির নিচে তলিয়ে যাচ্ছে।
এ সময় বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী বলেন, ‘বন্যা হোক কিংবা জলাবদ্ধতা, উভয় ক্ষেত্রেই কৃষকের ক্ষতির ধরণ একই। কৃষকের সোনালি ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। কৃষকেরা ঋণ করে চাষাবাদ করেন। কয়েক দিনের বৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ায় তাঁরা এখন দিশেহারা। শুধু ফসলই নয়, গবাদিপশুর খাদ্যসংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।’
এমাদুল্লাহ শহীদুল ইসলাম বলেন, ‘প্রতিবছর বন্যা ও জলাবদ্ধতা থেকে হাওর রক্ষায় তথাকথিত অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও এর বাইরে কোনো কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়নি। হাওরের বাঁধ এখন অনেক ক্ষেত্রে মরণফাঁদ হয়ে উঠেছে। এর বিকল্প ভেবে দেখতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সিলেটের সাবেক সমন্বয়ক ইরফানুজ্জামান, মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, ধর্মপাশার রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সমাজসেবী মো. দিলশাদ মিয়া, বংশীকুণ্ডা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি জেনারুল ইসলাম প্রমুখ।

দারিদ্র্য ও বৈষম্য কমাতে ভালো রাজনীতি ও অর্থনীতি প্রয়োজন। এই দুইয়ের সম্পর্ক পরস্পর যমজ ভাইয়ের মতো। ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবার ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির নজিরও পৃথিবীর কোথাও নেই। এই দুইয়ের অভাবেই দারিদ্র্য ও বৈষম্য তৈরি হয়। বাধ্য হয়ে মানুষ রাস্তায় নেমে আসে...
২২ মিনিট আগে
অর্পিতা নওশিন (২২) নামের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজ হোস্টেলের কক্ষ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
যশোর গণহত্যার অধিকাংশ শহীদ রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় তাঁদের স্বজন, মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় যশোর গণহত্যা দিবসে আয়োজিত স্মরণসভায় বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
বগুড়ার শিবগঞ্জে নিজের ঘরে শাহানাজ বেগম (৭০) নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগে