সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা তৈরি, ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে মেসার্স এস বি ট্রেডার্স নামের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে উৎপাদিত পাস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ ছাড়া মোড়কে বিএসটিআইয়ের মোড়কজাতকরণ লাইসেন্সের তথ্য এবং ফুড গ্রেড রঙের উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশেও খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে কারখানার মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখমো. সোহেল শেখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে।









