সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহীদুল হাসানকে প্রায় চার ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয় তারা।
আজ সোমবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ রাখা হয়।
এর আগে বেলা ২টার দিকে কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের পক্ষ থেকে ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির একটি ব্যানার টানানো হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার টানানো ব্যক্তিরা পালিয়ে যান বলে জানা গেছে।
ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে পরে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নিয়ে তাঁকে অবরুদ্ধ করে।
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা বলেন, ‘কলেজে পরীক্ষা থাকায় আমরা ক্যাম্পাসে ছিলাম না। অধ্যক্ষ স্যারের সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক রয়েছে। তিনি কলেজে উপস্থিত থাকাকালে কলেজের প্রধান ফটকে ব্যানার টানানো হয়েছে। আমরা তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলাম। আমরা তাঁর পদত্যাগ চাই।’
জুয়েল রানা আরও বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির নির্দেশনা ও রাত হয়ে যাওয়ায় তাঁরা কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে এসেছেন। সকালে বিষয়টি সবাই দেখবেন।
এদিকে, ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ প্রফেসর মুহীদুল হাসান। তিনি বলেন, ‘এই কলেজে অধ্যক্ষ হওয়ার আগে ১০ বছর শিক্ষক হিসেবে চাকরি করেছি। সে সময় ছাত্রলীগ আমাকে নানাভাবে হয়রানি করেছিল। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম। ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কলেজে পরীক্ষা চলছিল, আমি নিজের কার্যালয়ে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, কলেজে ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ কলেজে গিয়ে বিষয়টি সমাধান করেছে।









