শেরপুরে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আটক

শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার গৌড়দ্বার বাজারসংলগ্ন সেভেন স্টার ইটভাটার পাশ থেকে তাঁকে আটক করা হয়।
ওসি রিপন চন্দ্র গোপ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রানা মিয়াকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে ৬২ পিস ইয়াবা পাওয়া যায়। বুধবার রাতে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।









