
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
নয়ন মোল্লা জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে। বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছিল এবং পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছিল। তাঁর মরদেহ বাড়ি আনার প্রক্রিয়া চলছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার মুলাই ব্যাপারীকান্দি গ্রামে একটি টিনের বসতঘরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা তৈরির সময়ই এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ফসলি জমি থেকে সোহান ব্যাপারীর (৩৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নবীন সরদার (২৫) ও নয়ন মোল্লা নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নবীন সরদার। তিনি পেশায় গ্রিলমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
গত বছরের এপ্রিল ও নভেম্বর মাসে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এসব ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। মামলার একটিতে আব্দুল জলিল মাতবর বর্তমানে কারাগারে রয়েছেন। অপর দিকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে গেছেন।
সম্প্রতি কুদ্দুস ব্যাপারীর সমর্থক তাইজুল ইসলাম ছৈয়াল এবং জলিল মাতবরের সমর্থক নাসির ব্যাপারীর লোকজন নতুন করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এর আগে ৩ জানুয়ারি বুধাইরহাট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন সকালে বুধাইরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে জাবেদ শেখ নামের এক যুবকের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুলাই ব্যাপারীকান্দি গ্রামে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বাড়ির পাশেই তাঁর চাচাতো ভাই সাগর ব্যাপারীর নতুন নির্মিত একটি টিনের বসতঘরে বোমা বিস্ফোরণ ঘটে। ঘরটিতে কেউ বসবাস করতেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে একটি ফসলের মাঠ থেকে তাইজুল ইসলাম ছৈয়ালের পক্ষের সমর্থক বলে পরিচিত সোহান ব্যাপারীর মরদেহ উদ্ধার করে।
বিস্ফোরণের পরদিন গত শুক্রবার সকালে ঢাকা থেকে পুলিশের সিআইডি ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা তৈরির বিভিন্ন উপকরণ ও আলামত সংগ্রহ করে এবং গত কয়েক দিনে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
এ ছাড়া গত রোববার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৫টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে গত শুক্রবার বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় নয়ন মোল্লাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, ‘ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা মারা যাওয়ায় নিহতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

চট্টগ্রাম নগরের ফয়’স লেক প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও সোনিয়া নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে খুলশী থানাধীন এলাকাটি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
রোববার দিবাগত রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু একসঙ্গে দেশীয় মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
১ সেকেন্ড আগে
কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
২০ মিনিট আগে