Ajker Patrika

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
ভাঙচুর- অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্তোরাঁ ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

আজ রোববার ভোর ৬টার দিকে নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী গ্রামের মৃত হাফিজ উদ্দিন সিপাহীর ছেলে মো. ইব্রাহিম সিপাহী (২৮) এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজাম মৃধা (৪৫)। তবে সংর্ঘষের বিষয়ে আওয়ামী লীগ-বিএনপির কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিম সিপাহী স্থানীয় যুবলীগ কর্মী ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। আর দাদন মৃধার ছেলে নিজাম মৃধা (৪৫) আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে শনিবার দুপুর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্যান্ডেল সাজিয়ে অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ দিকে কর্মসূচি সফল করতে রোববার ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে বিপুল পরিমাণ হাতবোমাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা তাঁদের প্রতিহতের চেষ্টা করেন। এতে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংঘর্ষের সময় যুবলীগ ও আওয়ামী লীগে দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তাঁরা মারা যান।

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা নিহত যুবলীগ কর্মী ইব্রাহিমের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে পালং মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ইব্রাহিমের ছোট বোন শাহীনুর বলেন, সকালে খবর পাই ভাইকে গুলি করা হয়েছে। পরে হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই।

ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন ইব্রাহিমের মা সেফালি বেগম। তিনি বলেন, দেশের পরিস্থিতি ভালো না। বারবার নিষেধ করেছি গ্যাঞ্জামের মধ্যে না যেতে। এখন আমি কী নিয়ে বাঁচব? আমার ছোট দুই নাতিকে নিয়ে কীভাবে দিন কাটাব, কীভাবে তাঁদের বড় করব?

স্বামীর শোকে শোকাহত ইব্রাহিমের স্ত্রী নাছিমা আক্তার বলেন, আমার স্বামী গতকাল সন্ধ্যায় বাসায় ছিলেন। তিনি সেখানে যাবেন, তা আমরা জানতাম না। তিনি অটোরিকশা চালাতেন। মাঝেমধ্যে রাতে দেরি করে বাড়ি ফিরতেন। এখন ছোট দুই ছেলে-মেয়ে নিয়ে আমি কীভাবে বাঁচব?

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ইব্রাহিম সিপাহী নামে এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে খবর পাই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শরিয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি।

শরিয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতু এলাকায় আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে ভোরের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা তাঁদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত