Ajker Patrika

রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান থেকে দুই জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৬: ৩০
রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান থেকে দুই জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর একজনকে মারতে মারতে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুই জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত ও মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে গালাগাল করতে এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে দেখা যায়।

হামলার শিকার দাবি করা জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) বলেন, ‘আমরা সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার আগেই তারা হট্টগোল শুরু করে। তারা বলতে থাকে, শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই, এখানে কোনো আন্দোলন হয়নি। পরে আমি ভেতরে গেলে আমাকে দেখে বলে, “তুই কে?” এরপর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবর আমাকে মারতে মারতে অনুষ্ঠান থেকে বের করে দেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘আমরা জেলা প্রশাসকের আমন্ত্রণে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। সেখানে টিপু মাদবরসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে বের করে দেন। পুরো ঘটনাটি প্রশাসনের সামনেই ঘটেছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা জামায়াতের আমিরও স্বীকার করেছেন। তারেক রহমানের নেতৃত্বেই জুলাই আন্দোলন হয়েছে। অথচ ইমরান আল নাজিরসহ এনসিপির কয়েকজন নেতা-কর্মী দীর্ঘদিন ধরে তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তি করে আসছেন। আজও তাঁরা একই ধরনের মন্তব্য করেছেন। এর প্রতিবাদ করতে গিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।’

ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘অনুষ্ঠান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হয়তো অনুষ্ঠানের আগে কিছু ঘটে থাকতে পারে। আমরা শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান শেষ করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে বলতে পারব।’

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারা দেশে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত