
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্ত্রী (৩৫) বাদী হয়ে গতকাল বুধবার রাতে আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সহকারী কমিশনারের প্রেমিকা ও বাবা-মাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার (৩৭), প্রেমিকা (২৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অধিবাসী বিজয়ের মা উষা রানী জোয়ার্দার (৬৫), বাবা পরিমল কুমার জোয়ার্দার (৭০) ও ভাই পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালে আদালতের মাধ্যমে বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তীকালে ২০২২ সালে পারিবারিকভাবে হিন্দু রীতিনীতি অনুযায়ী তাঁদের আবার বিয়ে হয়। আরজিতে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই বিজয়ের আবদার অনুযায়ী বিভিন্ন আসবাব ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার উপঢৌকন প্রদান করে স্ত্রীর পরিবার। তবে সম্প্রতি মাগুরার নিজ গ্রামে বাড়ি নির্মাণের জন্য বিজয়ের পক্ষ থেকে নতুন করে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বিজয়।
স্ত্রী অভিযোগ করেন, অতীতে তাঁকে গর্ভপাতে বাধ্য করা হয়েছি। এ নিয়ে তাঁর শারীরিক জটিলতা তৈরি হওয়ায় তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান। ভারত থেকে ফিরে আসেন ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি তিনি আশাশুনিতে এসি ল্যান্ডের সরকারি বাসভবনে অবস্থানকালীন আবারও যৌতুকের দাবিতে তাঁর ওপর নির্যাতন করা হয়। একই দাবিতে ২৪ ফেব্রুয়ারি সকালে তাঁকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ ছাড়া এজাহারে ২ নম্বর আসামির সঙ্গে বিজয় কুমার জোয়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্কেরও অভিযোগ আনা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
অভিযোগের সত্যতা জানতে আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর ব্যক্তিগত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু জানান, ইতিমধ্যে বিজয় কুমার জোয়ার্দারকে খুলনা বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে