
হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১২টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টার অবরোধে রংপুর বিভাগের সাত জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার আশ্বাসে বেলা ১টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়।
জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক চাষী ও ব্যবসায়ী অংশ নেন। অবরোধ চলাকালে তারা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেন। এর আগে সড়কের অটোরিকশা লেনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকেরা।
অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ এবং জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ার সাদাতের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন জেলা আলু চাষী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, সহ-সভাপতি আব্দুন নূর, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ার সাদাত, সদস্য সচিব দিল মেরাজুল দুলুসহ অন্যান্য নেতারা।
সমাবেশে জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, হিমাগার মালিকরা প্রতি ৬০ কেজি আলুর বস্তা সংরক্ষণে ৪৩০ টাকা ভাড়া নির্ধারণ করেছেন। এতে প্রতি কেজি আলু সংরক্ষণে প্রায় সাত টাকা ব্যয় হচ্ছে। উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয় মিলিয়ে প্রতি কেজি আলুর খরচ ২৪ টাকার বেশি দাঁড়ালেও বাজারে তা ১৬ থেকে ১৭ টাকায় বিক্রি হচ্ছে। ফলে চাষীরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন।
তৈয়বুর রহমান আরও অভিযোগ করেন, বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর প্রভাবেই রংপুর অঞ্চলের কোল্ড স্টোরেজগুলোতে প্রতিবছর অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। তার দাবি, মুন্সীগঞ্জে যেখানে একই পরিমাণ আলুর সংরক্ষণ ভাড়া ২৮০ টাকা, সেখানে রংপুরে ৪৩০ টাকা নেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তৈয়বুর রহমান বলেন, ‘আমরা সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে সংরক্ষণ ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরও সমাধান না হলে লাগাতার অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। তিনি বলেন, ‘কৃষি মন্ত্রণালয় প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। আমরা সেখানে ৬ টাকা ৩২ পয়সা হিসেবে ভাড়া নিচ্ছি। এখানে কোনো সিন্ডিকেট নেই। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় আমরা সরকারের কাছে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছি।’
মোস্তফা আজাদ চৌধুরী আরও বলেন, ‘যারা মব সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সরকার নির্ধারিত হারের বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট হিমাগার মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
পরে তাজহাট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় আরও প্রায় আধা ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আলু চাষী ও ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। বেলা ১টার দিকে তারা কর্মসূচি স্থগিত করেন। পরে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে