Ajker Patrika

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২২: ৩৭
বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে আবু সাঈদের কবর জিয়ারতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট হয়েছিল। আবু সাঈদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে গণভোট হয়েছিল। আমরা মনে করি, এই জুলাইয়ের সুফল সবার কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। সেই সুফল যাতে সবাই পায়।’

এনসিপি নেতা বলেন, ‘আমরা দেখলাম, প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ‘‘হ্যাঁ’’ রায় দিয়েছে। বর্তমান সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। তারা গণভোটের রায় কার্যকর করছে না। এমনকি তারা তাদের ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। তারা মুখে মুখে বলছে জুলাই সনদ কার্যকর করবে। এটা তাদের কেবল মৌখিক প্রতারণা। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, কিন্তু তা করেনি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বৈষম্যবিরোধী বাংলাদেশ। সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল তিনটি—নির্বাচন, সংস্কার ও বিচার। আমরা নির্বাচন পেয়েছি, কিন্তু ন্যায়বিচার ও সংস্কার পাইনি। আবু সাঈদ হত্যা মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় এখনো কার্যকর হয়নি। সেই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে সরকার ও চিফ প্রসিকিউটরের কাছে, আদালতে আপিলের শুনানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আমরা রায় দেখতে চাই। অনেকগুলো রায় হয়েছে, এখন সেগুলোর কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ। আবু সাঈদ হত্যা মামলার ফাঁসির আসামিদের মধ্যে শেখ হাসিনাও রয়েছেন। সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আমরা আশা করব, সরকার শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে। তাহলেই জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো ন্যায়বিচার পাবে।’

নাহিদ বলেন, ‘১৬ জুলাই শুধু শহীদ দিবস পালন করলেই হবে না। আবু সাঈদদের মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই গণরায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে। দেশের দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। আবু সাঈদের এই মৃত্যুবার্ষিকীতে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা। আমরা দোয়া করছি, আবু সাঈদের শাহাদাত যেন আল্লাহ কবুল করেন। আবু সাঈদের শাহাদাতের আলোকে বাংলাদেশের চাঁদাবাজি ও বৈষম্য চিরতরে দূর হবে।’

প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ইতিবাচক সংস্কারের পক্ষে সরকারকে সহযোগিতা করব। সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি এবং দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে সরকারকে আমরা বিরোধী দল হিসেবে দেখি না। আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু সেই আলামত আমরা দেখছি না।’

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আতিকুর রহমান মুজাহিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত