
রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁর সহযোদ্ধারা।
আজ সোমবার বেলা ১টার দিকে ৪০-৫০ জন ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে সেখানে অবস্থান করা মাহিমকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা নানা অভিযোগ তুলে মাহিমের বিচার দাবি করেন। পরে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ছাত্ররা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁদের সবারই সক্রিয় ভূমিকা ছিল। ৫ আগস্টের পর তাঁদের প্রতিনিধি বা মুখপাত্র হিসেবে মাহিমকে দায়িত্ব দেওয়া হয়। এই সুযোগে তিনি অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, মামলা-বাণিজ্যে জড়িয়ে পড়েন। তিনি পীরগাছা জেএন হাইস্কুল মাঠে ক্রিকেট খেলা আয়োজনকে কেন্দ্র করে সরকারিভাবে দেওয়া ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। টাকা বুঝে পেয়েছেন বলে কয়েকজন খেলোয়াড়ের স্বাক্ষর নেওয়া হলেও কাউকে কোনো টাকা বা খেলাধুলার সামগ্রী দেওয়া হয়নি। এ ছাড়া শীতের কম্বল, ঈদের ভিজিএফ চাল সহায়তা নিয়ে দুর্নীতি করেছেন। তাঁর এসব অপকর্মের সঙ্গে বাবা, বোনসহ পরিবারের লোকজনও জড়িত। বোনের নামে তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়েছেন।
অভিযোগকারীরা আরও জানান, মাহিম দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করছেন। আজকে এসবের প্রতিবাদ করতে তাঁরা ইউএনও কার্যালয়ে এসেছেন। ইউএনও অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
ছাত্ররা জানান, আজ থেকে পীরগাছায় কেউ ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারবেন না। কোথাও কোনো প্রয়োজন হলে সব ছাত্র একসঙ্গে কাজ করবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহিম বলেন, ‘যখন কোনো ব্যক্তি দায়িত্বে থাকেন, তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ থাকবেই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা লিখিতভাবে তারা দিক। সেটা তদন্ত হোক, তা আমিও চাই। আমার হয়তো কিছু ভুল আছে। আমি সাংগঠনিকভাবে সবার সঙ্গে প্রথম দিকে যোগাযোগ রাখলেও পরে রাখতে পারিনি। এ জন্য ভুল-বোঝাবুঝি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খেলার টাকার বিষয়ে যাদের স্বাক্ষর নেওয়া হয়েছে, তাদের টাকা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করা হোক। তদন্তে দোষী প্রমাণিত হলে তা (শাস্তি) আমি মাথা পেতে নেব।’
এ বিষয়ে ইউএনও মো. নাজমুল হক সুমন বলেন, ‘ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে ছাত্রদের অভিযোগের বিষয়গুলো লিখিত আকারে দিতে বলা হয়েছে। এ বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে