গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙা এলাকার টনি মেম্বারের ঘাটে একটি ঝোপের কাছ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও হেরোইনের মালিককে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা হেরোইন জব্দ করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি আরও জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। হেরোইনের মালিককে খুঁজে বের করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।









