বিএনপি ব্যর্থ, তাদের নেতৃত্বে লড়াই হবে না: নাহিদ ইসলাম

বিএনপি ব্যর্থ, তাদের নেতৃত্বে আর কোনো লড়াই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি গত আট মাসে জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক নিয়ে তারা জিতেছে। এখন সেই গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি। এখন তাদের নেতৃত্বে কোনো লড়াই হবে না।
আজ রোববার বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পর এই জাতীয় ঐক্য কোথায় ছিল? জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মাধ্যমে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল। এখন দেশ ও গণতন্ত্র রক্ষায় জনগণকে আবারও রাজপথে নামতে হচ্ছে।
নাহিদ আরও বলেন, সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা-সমাবেশ করছেন এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। রাজশাহীর মানুষ পদ্মা নদীর ওপর নির্ভরশীল। গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হয়ে যাবে। চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো জানা নেই।
পানিসম্পদমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, পানিমন্ত্রী বলছেন, তিনি চিঠি পাঠিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি। অথচ সংসদে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, চুক্তির আলোচনা হচ্ছে। এখন বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে রাজশাহী অঞ্চলকে আবারও মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত। তিস্তার পানি শুকিয়ে উত্তরবঙ্গকে যেমন ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে, একইভাবে রাজশাহী অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে দেশের পতিত আওয়ামী লীগ শক্তি।
এনসিপির আহ্বায়ক বলেন, এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত রাখার, পানির ন্যায্য হিস্যা বুঝে নেওয়ার, গণতন্ত্র রক্ষার, এ দেশের ইসলাম ও সংস্কৃতি রক্ষার লড়াই। এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না।
বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, ‘গত ১৬ বছরে বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি। বিরোধী দলেও তারা ব্যর্থ হয়েছিল। এখন সরকারে থাকা অবস্থায় আবারও ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। সরকারে থাকা অবস্থায় তাদের সংসদ সদস্যরা গোপালগঞ্জে যেতে পারছেন না। ২০২৫ সালে আমরা ‘‘মার্চ টু গোপালগঞ্জ’’ দিয়েছিলাম। তখন অনেকে প্রশ্ন করেছিলেন, গোপালগঞ্জে কেন মার্চ করা হচ্ছে। এখন বিএনপি নিজেরাই গোপালগঞ্জে মার্চ করতে যাচ্ছে, কিন্তু সেখানে ঢুকতে পারছে না।’ গোপালগঞ্জের তিন সংসদ সদস্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করে এসেছেন বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের মতো ছাত্র-জনতাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনাকে এই দেশের মাটিতে নতুন করে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না। আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। তাঁকে অবশ্যই আসতে হবে। আমরা তাঁকে ফাঁসির মঞ্চে আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছি।’
আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবি জানিয়ে নাহিদ বলেন, নৈরাজ্য করে আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাবে, এমন ধারণা ভুল। ভারত কেন, পৃথিবীর আরও পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম গণমাধ্যম ও বুদ্ধিজীবীর সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চায়নিজ কুড়ালকে ‘লগি-বইঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। আমরা এসব গণমাধ্যমকে চিহ্নিত করে রাখছি এবং তথ্য-প্রমাণ সংরক্ষণ করছি।’
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যাঁরা সম্মতি উৎপাদন করবেন এবং ভারতের ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাঁদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।
সমাবেশের আগে নগরের আলুপট্টি মোড়ে এনসিপির নেতা-কর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন তাঁরা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান।









