Ajker Patrika

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এরপর ‘মাথার ওপর পড়বে’—হুমকি ছাত্রলীগ নেতার

রাবি প্রতিনিধি
রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এরপর ‘মাথার ওপর পড়বে’—হুমকি ছাত্রলীগ নেতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

গতকাল শনিবার দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে নগরের অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে এ বিস্ফোরণ ঘটে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘গতকাল রাতে আমার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় আমি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ভিডিও ধারণের বিষয়টিও তাঁরা জানতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এদিকে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত