
পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া গতিতে লেগুনা চালানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে গুলিতে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার রাত ৮টার দিকে শহরের কাচারীপাড়া পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম মামুন হোসেন (২৫)। আহত হয়েছেন অপর রিকশাচালক রকি হোসেন (২৬) ও সুমন (২৮) নামের দুই ব্যক্তি। তাঁদের গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচল নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন তিনটি মোটরসাইকেলে দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকদের ওপর চড়াও হন।
একপর্যায়ে আনোয়ার হোসেন পিস্তল বের করে রিকশাচালক মামুন ও রকি হোসেনকে গুলি করেন। পরে তাঁর সঙ্গীরা সুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মামুনের এক আত্মীয় আজকের পত্রিকাকে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে ঝামেলা হয় লেগুনাচালকের সঙ্গে। পরে লেগুনাচালকের পক্ষে কাউন্সিলর কামাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন দলবল নিয়ে এসে মারামারি শুরু করেন। এ সময় গোলাগুলিতে মামুন মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ—স্কয়ার শপিং মলের নিরাপত্তা কর্মীরা মার্কেটের ভেতরে এক রিকশাচালককে আটকে রেখেছে। তারা ওই রিকশাচালককে পিটিয়ে মেরে ফেলেছে। যদিও কেউ ওই রিকশাচালকের পরিচয় জানাতে পারেনি।
১ ঘণ্টা আগে
সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ধলাই নদের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
৭ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৭ ঘণ্টা আগে