
এসএসসি পরীক্ষায় টানা ১৭ বছর ধরে শতভাগ জিপিএ-৫ পাওয়ার অনন্য রেকর্ড ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৮৩২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। পাসের হার নেমেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা বোর্ড থেকে প্রকাশিত গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরও এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানেই পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ। এরপরও ফলাফলে ধারাবাহিকতা বজায় রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ।
এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল ৪৯ জন। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। ফলে টানা ১৭ বছর ধরে শতভাগ জিপিএ-৫ পাওয়ার বিরল সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
কলেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পায়। এছাড়া ২০১১ সালে ৪৩ জন, ২০১২ সালে ৫১ জন, ২০১৩ সালে ৪৭ জন, ২০১৪ সালে ৫২ জন, ২০১৫ সালে ৫৬ জন এবং ২০১৬ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পায়।
এছাড়া ২০১৭ সালের ৫১ জন, ২০১৮ সালের ৫০ জন, ২০১৯ সালের ৪৫ জন, ২০২০ সালের ৪৬ জন, ২০২১ সালের ৫১ জন, ২০২২ সালের ৪৬ জন, ২০২৩ সালের ৫১ জন, ২০২৪ সালের ৪৮ জন এবং ২০২৫ সালের ৪৭ জনের সবাই জিপিএ-৫ অর্জন করে।
মাঝে তিন বছর করোনাভাইরাস মহামারির কারণে এসএসসি পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন হলেও রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ার ধারাবাহিকতা ধরে রাখে। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরেই কলেজটির শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পায়।
এর মধ্যে ২০২০ সালে করোনা মহামারি শুরু হলেও এসএসসি পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হয়েছিল। পরের বছর ২০২১ সালে করোনার কারণে পূর্ণাঙ্গ এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ওই বছর শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়। অন্যান্য বিষয়ের ফলাফল নির্ধারণে আগের পরীক্ষার ফল ও বিষয়ভিত্তিক মূল্যায়নের পদ্ধতি অনুসরণ করা হয়। আর ২০২২ সালে পরিস্থিতির উন্নতি হলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে। করোনাকালের ওই তিন বছরেও রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ নিশ্চিত হয়।
শিক্ষকদের ভাষ্য, সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত অধ্যয়ন, অভিজ্ঞ শিক্ষক, মানসম্মত শিক্ষা, মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করা হয়। এ জন্য একের পর এক এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেছেন, ক্যাডেট কলেজগুলোতে শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে। এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আমাদের স্টুডেন্টরা সারদা পাইলট স্কুলে গিয়ে পরীক্ষা দেয়। সারা দেশের বেশিরভাগ শিক্ষার্থী এবার প্রথম সিসি ক্যামেরার নিচে পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের ক্যাডেটরা আরও ৮ বছর আগে থেকে সিসি ক্যামেরার নিচে পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রেও তাদের অনেকটা দূরত্ব বজায় রেখে বসানো হয়। একটা কক্ষে মাত্র ১২-১৪ জন থাকে। তারা জানে, কেন্দ্রে গিয়ে তারা কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে না। তাই তারা সেভাবেই প্রস্তুতি নেয়।’
তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজগুলো ক্যাডেটদের শিক্ষায় সমৃদ্ধ করে নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে সে জন্য তিনি কলেজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে সিট বাতিলের নির্দেশ পাওয়ার পরও এক ছাত্রদল নেতার হলে অবস্থানের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে হল ত্যাগ করার কথা থাকলেও তিনি এখনো হলে অবস্থান করছেন।
১ সেকেন্ড আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে আনন্দিত তাদের বাবা-মা, শিক্ষক ও স্বজনেরা। পড়াশোনা শেষ করে দুজনই প্রকৌশলী হতে চায়।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৬ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৬ মিনিট আগে