
রাজশাহীর সর্ববৃহৎ আমের মোকাম বানেশ্বর বাজার। এই আম বাজার ঘিরে ইজারদারের লোকজন খাজনার নামে ‘মাত্রাতিরিক্ত’ টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা বলছে, হাট ইজারা দেওয়ার পর থেকে উপজেলা প্রশাসনের তদারকি না থাকায় ইজারদারের লোকজন আম ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি বাজার এলাকা দিয়ে কেউ নিজ বাগানের আম আত্মীয়-স্বজনের বাড়ি অথবা কুরিয়ার সার্ভিস নিয়ে গেলেও প্রতি কেজিতে খাজনা নিচ্ছে তাদের।
শুধু তাই নয় এ নিয়ে কেউ প্রতিবাদ করলে ইজারদারের লোকজন তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও কোনো প্রতিকার হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বানেশ্বর হাটের খাজনা আদায়কারীরা আজকের পত্রিকাকে জানান, হাট ইজারাদার প্রায় ৫৫ লাখ টাকায় শুধু আমের বাজার সাব লিজ দিয়েছে। ওই টাকা তুলতে আম নিয়ে যেই আসুক খাজনা আদায়কারীরা প্রতি কেজিতে এক টাকা হারে খাজনা নিচ্ছেন। এ কারণে খাজনা আদায়ের জন্য বানেশ্বর বাজারের চারদিকে লোকজন রাখা হয়েছে।
আজ সোমবার দুপুরে সরেজমিনে বানেশ্বর আম বাজার এলাকা ঘুরে দেখা গেছে, বানেশ্বর-শিবপুর বাজারের মাঝামাঝি কলাহাটের কাছে একদল যুবক আম বহনকারী বিভিন্ন যানবাহনের গতিরোধ করছে। ওই যুবকদের মধ্যে কয়েকজনের হাতে বানেশ্বর হাটের ৫০ ও ১০০ টাকা উল্লিখিত খাজনা আদায়ের রসিদ রয়েছে। তবে খাজনার নামে আম বহনকারী ভ্যানে থাকা প্রতি ক্যারেটের জন্য তারা আদায় করছেন ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এর বিপরীতে কেউ খাজনার রসিদ চাইলে আদায়কারীরা ৫০ টাকার একটি রসিদ ধরিয়ে দিচ্ছেন।
ভুক্তভোগী আম ব্যবসায়ী আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার এই বৃহৎ আমের মোকামে এবার খাজনা আদায়ের নামে চলছে জুলুম। হাট কমিটির লোকজন এবার ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে জোর করে আগের বছরগুলোর তুলনায় দ্বিগুণ টাকা আদায় করছে। এখানে ইজারদার শুধুমাত্র নামে আছে। পুরো বাজার চালাচ্ছে একটা সিন্ডিকেট।’
সাব্বির হোসেন নামের একজন ভ্যানচালক আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে এক ভ্যান (২০ ক্যারেট) আম বিক্রি করতে আসছি। সঙ্গে আমের মালিক নাই। অথচ বাজারে যাওয়ার আগেই এরা আমার কাছে প্রতি ক্যারেটে ৫০ টাকা করে খাজনা চাচ্ছে। আমি মোট ১০০ টাকা দিতে চায়েছি, কিন্তু তারা সেটা নিবে না। অনেক অনুরোধ করে ২৫০ টাকায় সমাধান হয়েছে।’
অনলাইন মাধ্যমে আম বিক্রি করে আবু তাহের নামের এক ব্যক্তি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন বিভিন্ন বাগান ঘুরে আম কিনি। পরে ক্রেতার চাহিদা অনুসারে তা কার্টনে ভরে নিয়ে বানেশ্বরেই যেতে হয়। কারণ কুরিয়ার সার্ভিসের অফিসগুলো বানেশ্বরে। আজ ছয় কার্টন আম পাঠাতে আমাকে ২৫০ টাকা খাজনা দিতে হয়েছে। অথচ তারা রসিদ দিয়েছে মাত্র ৫০ টাকার।’
আবু তাহের আরও বলেন, ‘আমরা এখানে আম কেনাবেচা করি না। অথচ এভাবেই প্রতিনিয়ত আমাদের কাছ থেকে তারা জোরপূর্বক টাকা আদায় করছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।’
তবে এ বিষয়ে বানেশ্বর হাট ইজারদার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমের মোকাম সাব লিজ দিলেও সেটা একটা নিয়মের মধ্যে দেওয়া হয়েছে। খাজনা আদায়কারীদের বলা হয়েছে, প্রতি ক্যারেটে ১০ টাকা নিতে। আর দু-এক ক্যারেট নিজস্ব আম কুরিয়ার করতে এলে, কোনো খাজনা দিতে হবে না।’
তিনি আরও বলেন, ‘কেউ অতিরিক্ত খাজনা নিচ্ছেন কি না সেটা দেখব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যাতায়াতকারী অথবা অনলাইনের মাধ্যমে যারা শুধু আম কুরিয়ার করতে আসেন তাদের কাছ থেকে ইজারাদার কোনো প্রকার খাজনা নিতে পারবে না। যারা বাজারে আম কেনা-বেচা করবে, শুধু তারাই খাজনা দেবে।’
ইউএনও আরও বলেন, ‘আম বাজারের খাজনা আদায়ের বিষয়টি নিয়ে দু-এক দিনের মধ্যে হাট ইজারাদারের সঙ্গে আলোচনায় বসা হবে।’

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৩ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে