রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ১৭৯

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোছা. বুলু (৪০)। রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত সোমবার বিকেলে গৃহিণী বুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মুখপাত্র আরও জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। বর্তমানে ১৭৯ জন রোগী চিকিৎসাধীন।









