রাজশাহীতে মশালমিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশালমিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)। জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য জানিয়েছেন।
পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী ওই স্থানে মশালমিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে ও ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে অন্যরা পালিয়ে যান। আর তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।









