রাজশাহীতে এসআরবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

রাজশাহীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক কৃষকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম অরুণ রাজোয়ার (৪৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে অরুণকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অরুণ মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে ভর্তির পর তাঁর সিটিস্ক্যান করতে রেডিওলজি বিভাগে পাঠানো হয়। সিটি স্ক্যান শেষে ওয়ার্ডে নেওয়ার পর তিনি মারা যান। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছয়ঘাটি গ্রামের বাসিন্দা আব্দুল হালিম জানান, অরুণ রাজোয়ার মহাসড়কের একপাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে পশ্চিম দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে অরুণের বাইসাইকেলে ধাক্কা দেয়। এ সময় অরুণ দূরে ছিটকে পড়েন।
হালিম জানান, মোটরসাইকেলটিতেও দুজন আরোহী ছিলেন। তাঁরা এসআরবি সদস্য। তাঁরা সাদা পোশাকে ছিলেন। দুর্ঘটনার সময় একজন পড়ে গিয়ে আহত হন। তাঁরা ওই আহত এসআরবি সদস্য এবং অরুণ রাজোয়ারকে চিকিৎসার জন্য রাজশাহী পাঠিয়ে দেন। আর স্থানীয়রা মোটরসাইকেলটি আটকে রেখেছিলেন। পরবর্তীতে অন্য এসআরবি সদস্যরা গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিয়ে যান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। তাঁর আগেই এসআরবি সদস্যরা মোটরসাইকেলটি নিয়ে গেছেন। তিনি অরুণের মৃত্যুর খবর শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়টি নিয়ে কথা বলতে এসআরবি-৫-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইশতিয়াককে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি সাড়া দেননি।









