রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ২৯টি স্টল

রাজশাহীতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কালেক্টরেট মাঠে এ মেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। মেলাটি বাস্তবায়ন করছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।
আয়োজকেরা জানান, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ২৯টি স্টল অংশ নেবে।
বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে রাজশাহীসহ বিভাগের আট জেলার শিল্পীরা অংশ নেবেন।
আয়োজকদের আশা, এ বইমেলা মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং প্রকাশনা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং লেখক ও পাঠকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।









