
রাজবাড়ী সদর উপজেলায় বস্তাবন্দী অবস্থায় চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহানের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোরে রাজবাড়ী সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ দল সদর উপজেলার দাদশী ইউনিয়ন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। বেলা ১টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকার ফিরোজ সরদার বাবু (৩৪) ও মো. রিয়াজ সরদার (২৩) এবং একই ইউনিয়নের সমেসপুর এলাকার মো. শরীফ (২৭)।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বিকেল ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রোহান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন রোহানের পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
৮ অক্টোবর বিকেল ৫টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গতকাল শুক্রবার রোহানের বাবা মো. ফরহাদ চৌধুরী রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন।
পুলিশের ভাষ্য, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে রোহানকে ডেকে নিয়ে হত্যা করা হয়। গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পানিতে ভেসে ওঠা ঠেকাতে পেটে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশের দাবি। আলামত নষ্ট ও মরদেহ গোপনের উদ্দেশ্যে বস্তাবন্দী করে বালুভর্তি বস্তা বেঁধে ডোবায় ফেলে দেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরোজ সরদার বাবুর শয়নকক্ষ থেকে একটি ছুরি ও গামছা উদ্ধার করা হয়। মো. রিয়াজ সরদারের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় একটি কালো টি-শার্ট। দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকার বিনয় কুমার দাসের পুকুরের কচুরিপানার মধ্যে থেকে রোহানের পরিহিত স্যান্ডেলও উদ্ধার করেছে পুলিশ। এসব আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রোহানের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই সদর থানা-পুলিশ ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট পূর্ব পাশের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের মুখে জানা গেছে সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্টের পূর্ব পাশের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে...
১৩ মিনিট আগে
মালয়েশিয়ায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইকবাল হোসেনের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিল দালাল চক্র। নির্ধারিত দিনে ইকবাল বিমানবন্দরে গেলে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র জাল বলে শনাক্ত করেন এবং তাঁকে ফেরত পাঠান। এখন টাকা ফেরত চাইলে দালাল চক্র উল্টো তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ
২২ মিনিট আগে
বিকেল পৌনে ৪টার দিকে জনি ওই এলাকার একটা গলি থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় হেলমেট পরিহিত দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি জনির কোমরের নিচে বিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। জনিকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
২৮ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহানপুর গ্রামে আলমের চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এই সার উদ্ধার করেন বীরগঞ্জ উপজেলা কৃষি
৪৪ মিনিট আগে