Ajker Patrika

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, স্বতন্ত্রভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

রাজবাড়ী সংবাদদাতা ও বালিয়াকান্দি প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮: ১৪
স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, স্বতন্ত্রভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম
ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের হয়ে নয়, স্বতন্ত্রভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বলেও জানান।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সেখানে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা দেখছি না। ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। এ জন্য আমরা সংস্কারের প্রস্তাব দেব।

নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে স্থানীয় নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না।

মাদক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের দৌরাত্ম্য ঠেকানো না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি।

ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যকর কোনো তৎপরতা নেই। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে। দলটির পরাজয় হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতা-কর্মীরা অংশ নেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সংশ্লিষ্টরা জানান, জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত