Ajker Patrika

নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় সুপারি ব্যবসায়ী হত্যা, একজনের যাবজ্জীবনসহ ৩ জনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৯: ৩৬
নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় সুপারি ব্যবসায়ী হত্যা, একজনের যাবজ্জীবনসহ ৩ জনের কারাদণ্ড
নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় হত্যার ঘটনায় করা মামলায় একজনের যাবজ্জীবনসহ তিনজনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬) হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন চারজন।

আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শেখ রুম্মান হোসেন (৩০) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। তিন বছর করে কারাদণ্ড পাওয়া অপর দুই আসামি হলো একই গ্রামের বাসিন্দা সুমনা বেগম (৩৫) ও সাদিয়া ইসলাম (১৭)। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান। এর পর থেকে নিখোঁজ ছিলেন অপু।

নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত অপুর বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন বলেন, আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত