নেছারাবাদে ছেলে হত্যায় বাক্প্রতিবন্ধী বাবা ২ দিনের রিমান্ডে

পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী শিশু সিয়ামকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তার বাক্প্রতিবন্ধী বাবা আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা সুব্রত কুমার সরদার জানান, গত ১২ নভেম্বর বিকেলে শিশু সিয়াম তার বাবা আরিফ রাঢীর সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। এরপর থেকে বাবা-ছেলে দুজনই নিখোঁজ ছিলেন। পরদিন ১৩ নভেম্বর আরিফকে নিজ গ্রাম গোবিন্দগুহকাঠিতে দেখতে পান পরিবারের সদস্যরা। তবে সিয়ামের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে ১৪ নভেম্বর সকালে উপজেলার রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর শিশুটির ঘাড়ের পেছনে গভীর জখম এবং মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আরিফ রাঢী দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন। সিয়াম বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নৌকায় বসে পিতা-পুত্রের জগড়া হয়। রাগের বশত ছেলে বাবাকে হাতের বৈঠা দিয়ে পিটুনি দেন। পরে বাবা নৌকায় থাকা দা দিয়ে ছেলেকে পেছন থেকে কোপ দিয়ে নদীতে ফেলে দেন বলে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে।
মামলার বাদী ও নিহত শিশুর চাচা পলাশ রাঢী অভিযোগ করেন, বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার পর বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরদিন আরিফকে পাওয়া গেলেও সিয়ামের বিষয়ে তিনি কিছু জানাননি। পরে নদীতে ভাতিজার মরদেহ পাওয়া যায়। পলাশ রাঢীর দাবি, নৌকায় মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ছেলেকে থাপ্পড় মারলে সিয়াম বৈঠা দিয়ে বাবাকে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ নৌকায় থাকা দা দিয়ে পেছন থেকে ছেলেকে কোপ দেন।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী বিশেষজ্ঞ দ্বারা আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।










-9f5d34-256x144.webp)