Ajker Patrika

দশমিনায় ইয়াবা ও নগদ অর্থসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনায় ইয়াবা ও নগদ অর্থসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
দশমিনায় পুলিশের দুই দিনের অভিযানে আটক চার মাদক কারবারি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনায় পরপর দুই দিনের মাদকবিরোধী অভিযানে ৮৫টি ইয়াবা ও নগদ দুই লাখ টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ২টার সময় উপজেলার বহরমপুর ইউনিয়নের নবাব কাচারি ব্রিজের ওপর থেকে দুজন এবং গতকাল সোমবার রাত সাড়ে ১০টার সময় বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী দশমিনা-পটুয়াখালী সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বহরমপুর ইউনিয়নের নবাব কাচারি গ্রামের মো. ফোরকান হাওলাদারের ছেলে মো. নীরব হাওলাদার (২০) এবং একই গ্রামের মো. বজলু মৃধার ছেলে মো. রুবেল মৃধা (৩০)। অপর দুজন একই উপজেলার দশমিনা ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মৃত রাজ্জাক মৃধার ছেলে মো. ইসমাইল মৃধা (৩৫) ও গয়নাঘাট গ্রামের মো. মুকবুল সরদারের ছেলে মো. এনায়েত হোসেন (৩৫)।

থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, নাজমুলসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার সময় উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নবাব কাচারি ব্রিজের ওপর ইয়াবা বিক্রির সময় সেখান থেকে নীরব হাওলাদার ও রুবেল মৃধাকে ৬০টি ইয়াবা ও মাদক কারবারের দুই লাখ টাকাসহ আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

অপর দিকে গতকাল রাত সাড়ে ১০টার সময় দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল সহ সঙ্গীয় ফোর্স বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের পটুয়াখালী-দশমিনা সড়কে ইয়াবা বিক্রির সময় ২৫টি ইয়াবাসহ ইসমাইল ও এনায়েতকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, নীরব ও রুবেলকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এনায়েত ও ইসমাইলের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়। এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত