
জুলাই আন্দোলনে অংশ না নিলেও মিথ্যা তথ্য দিয়ে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বশির সরদার (৪০) নামের এক ব্যক্তির নাম। কিন্তু পরিবারে সরকারি অনুদানের টাকা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে প্রকাশ্যে আসে মূল তথ্য। পরে ওই ব্যক্তির নাম শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে।
জানা গেছে, বশির সরদার পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের সেকান্দার সরদারের ছোট ছেলে। জেলা শহরের নিউমার্কেট এলাকায় একটি চায়ের দোকান চালাতেন তিনি। গত বছরের ৩ জুলাই পায়ে লোহা ঢুকে আহত হন বশির। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর তাঁর মৃত্যু হয়। তবে ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বশির সরদার জুলাইয়ের গণ-আন্দোলনে আহত হয়েছেন। পরে তাঁর নাম জুলাইয়ের আন্দোলনে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সরকার থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং জেলা প্রশাসনের মাধ্যমে আরও ২ লাখ টাকা অনুদানও দেওয়া হয়। সম্প্রতি এই অর্থের ভাগ নিয়ে পরিবারের অভ্যন্তরে দ্বন্দ্ব শুরু হলে বশিরের বড় ভাই নাসির সরদার গত ২২ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এতে বশিরের মৃত্যুর প্রকৃত ঘটনা বিস্তারিত তুলে ধরেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বশির সরদারের নাম শহীদের তালিকা থেকে বাতিল করা হয়েছে। পাশাপাশি সরকারি অনুদানের সঞ্চয়পত্র স্থগিতের সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীর সমন্বয়ক মিরাজ ইমতিয়াজ বলেন, ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণ ছাড়াই কাগজে-কলমে শহীদ বানিয়ে অনুদান নেওয়া অত্যন্ত দুঃখজনক। এটি শুধু শহীদের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং পুরো আন্দোলনের ইতিহাসকেই কলঙ্কিত করে।’
জানতে চাইলে বশিরের বড় ভাই নাসির সরদার বলেন, ‘প্রথমে অনুদানের আশায় ভাইকে শহীদ হিসেবে পরিচয় দিই, কিন্তু পরে অনুতপ্ত হয়ে আমি নিজেই পুরো ঘটনার সত্যতা প্রকাশ করি। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি।’
নিহতের বাবা সেকান্দার সরদার অভিযোগ করে বলেন, ‘চিকিৎসা বাবদ ৫ লাখ টাকা ব্যয় করেছি, অথচ পুত্রবধূ রেবা (বশিরের স্ত্রী) পুরো অনুদানের অর্থ নিজের কাছে রেখেছে।’
অভিযোগের বিষয়ে বশিরের স্ত্রী রেবা আক্তার বলেন, ‘স্বামীর চিকিৎসা করাতে ঋণ করতে হয় এবং পরিবারের চাপেই ভুল তথ্য দিতে বাধ্য হই।’

বগুড়ার মাটিডালী-পীরগাছা সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা সোহা নিহত হয়েছে। ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
৬ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
৯ মিনিট আগে
নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
৩১ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
৩৪ মিনিট আগে