পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন একজন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা যায় তিনি অকৃতকার্য হয়েছেন। কিন্তু ওই কলেজে শিক্ষক কর্মরত ৮ জন।
মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ নামে প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও গড়ে ওঠেনি নিজস্ব পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহও কমছে বলে দাবি কর্তৃপক্ষের।
নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হয় না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার্থীসংখ্যাও দিন দিন কমছে।
অধ্যক্ষ জানান, এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।










