
পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্র নারীদের মধ্যে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ওই ইউপি সচিবকে স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘণ্টা পরিষদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল তাঁকে উদ্ধার করে।
ইউপি সচিবের নাম মো. হুমায়ুন কবির। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। এই ইউনিয়ন পরিষদে তিনি প্রায় ১৫ বছর কর্মরত আছেন।
ভিডব্লিউবির উপকারভোগীদের অভিযোগ, মাধবখালীতে ভিডব্লিউবির তালিকাভুক্ত ৩২৬ জন নারী রয়েছেন। সোমবার তাঁদের পাঁচ মাসের চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণ বাবদ স্থানীয় চৌকিদার ও দফাদারের মাধ্যমে প্রতিজন উপকারভোগীর কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন সচিব হুমায়ুন কবির। সব উপকারভোগীকে এই টাকা দিতে বাধ্য করেন তিনি। এতে প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়।
জানা গেছে, জেসমিন বেগম নামের এক উপকারভোগীর কাছে থেকে ৫০০ টাকা নিয়েও তাঁর কার্ড হারিয়ে গেছে অজুহাত দেখিয়ে চাল দেননি বলে অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ নিয়ে সচিবের সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়। এতে ইউনিয়ন পরিষদ মাঠে লোকজন জড়ো হতে থাকে। চাল নিতে সরকারকে কোনো টাকা দিতে হয় না জানার পর উপস্থিত ভুক্তভোগীরা তাঁদের টাকা ফেরত ও সচিবের বিচার চেয়ে বিক্ষোভ করেন এবং সচিবকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

মাধবখালী ইউনিয়ন পরিষদের দফাদার শফিকুল ইসলাম সোহাগ বলেন, ‘প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে সচিব হুমায়ুন কবির ৫০০ টাকা আমাদের উত্তোলন করতে বলেছেন। আমরা দুই দিন আগে বাড়ি বাড়ি গিয়ে টাকাগুলো উত্তোলন করেছি।’
মাধবখালী ইউনিয়ন পরিষদের সচিব মো. হুমায়ুন কবির বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউপি সদস্য, চৌকিদার এবং দফাদার সবাই মিলে আলোচনার মাধ্যমে এ টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা আমার একক কোনো সিদ্ধান্ত নয়। আমি টাকা উত্তোলনও করিনি। স্থানীয় চৌকিদার ও দফাদার উপকারভোগীদের কাছ থেকে টাকা তুলেছেন।’
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘টাকা উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে যারা এই চাল পেতে টাকা দিয়েছেন, সবাই টাকা ফেরত পাবেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘সব উপকারভোগীকে মঙ্গলবারের মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। টাকা উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে