
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
এর আগে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পদযাত্রা শুরু করে বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় গিয়ে দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করবেন সংগঠনের সদস্যরা।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার কথা রয়েছে।
কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি। ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

জাবের অভিযোগ করেন, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে ভারতের ভূমিকা রয়েছে। তবে ইনকিলাব মঞ্চের আন্দোলন কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের অবস্থান আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা এর বিরোধিতা করবেন।
হাদি হত্যাকাণ্ডে ভারত, আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জাবের বলেন, হাদি হত্যাকে সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসেবে না দেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত। এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে জাবের বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
জাবের আরও বলেন, তাঁরা কর্মসূচির মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে চান। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি বা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের বিষয়ে আলোচনা চলাকালে এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)। উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে জমির দলিল, বিআরএস, নামজারি, জন্মনিবন্ধন, পৌরসভার ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের প্রত্যয়ন ও নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি কাগজপত্র জাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি কম্পিউটার
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মো. শাহীনূর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটের ভেতরেই চলছিল ভেজাল ওষুধ ও নকল প্রসাধনী তৈরির কারবার। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
১৪ মিনিট আগে