‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে, আমি স্বামী-স্ত্রীর চাকরি করা পছন্দ করি না’

‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের পর পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) তসলিমুল আরেফিনের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা সমালোচনা চলছে।
পোস্টে তসলিমুল আরেফিন লিখেছেন ‘কতো বড়ো বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকুরী করা পছন্দ করি না।’ তবে তসলিমুল আরেফিনের দাবি, তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এমন মন্তব্য করেননি। তাঁর এক আত্মীয়ের স্বামী-স্ত্রীর চাকরিবিরোধী কথার প্রেক্ষিতে সেটা লিখেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এর প্রধান কারণ হলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।’
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে-বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের নিবিড় ছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।’
বিষয়টি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয় সে বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘একই পরিবারে দুজন চাকরি করুক তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়—এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।’
এদিকে আজ বুধবার সকালে আড়াই শ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের চলতি দায়িত্বে থাকা সহকারী পরিচালক ও ড্যাবের জেলা আহ্বায়ক তসলিমুল আরেফিন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন ‘কতো বড়ো বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকুরী করা পছন্দ করি না।’
এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনা থাকলে স্বামী-স্ত্রীর চাকুরী সন্তান প্রতিপালনের পথে কোনো বাধা না। বরঞ্চ চাকুরী করার সামর্থ্য থাকলে চাকুরী না করাটাই দেশের প্রতি অন্যায়।’
যদিও তসলিমুল আরেফিন তাঁর ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করেননি। কিন্তু ইঙ্গিতপূর্ণ সমালোচনায় এমন লিখেছেন বলে ধারণা অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণির মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে পাবনার কয়েকজন চিকিৎসক বলেন, হাসপাতালের সহকারী পরিচালকের সহধর্মিণী শারমিন খাতুন পলিও একই হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট। দুজনেই চাকরি করেন। সে জন্যই এমন মত প্রকাশ করেছেন বলে তাঁদের মন্তব্য।
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, এমন পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। যার যার মতো করে মত প্রকাশ করেছেন। এটা তাঁদের পার্সোনাল বিষয়, সাংবিধানিক কোনো শর্তের মধ্যে পড়ে না।
এ বিষয়ে জানতে চাইলে আড়াই শ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) তসলিমুল আরেফিন বলেন, ‘আমার এক আত্মীয় স্বামী-স্ত্রীর চাকরি করা নিয়ে আমাকে বলছিলেন। আমি শুধু তাঁর কথার পরিপ্রেক্ষিতে ফেসবুকে পোস্টটা করেছি। প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আমি পোস্ট করতে যাব কেন। ফেসবুক ব্যক্তিগত অনুভূতি শেয়ার করার জায়গা, সেখানে আমার অনুভূতি শেয়ার করেছি। আমি কাউকে ইঙ্গিত করেও বলি নাই। এটা হতে পারে কাকতালীয়। পৃথিবীতে একই সময়ে একই কথা কি একাধিক লোক বলতে পারে না?’









