
রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে প্রকল্প এলাকায় নেওয়া হবে।
বিশেষ নিরাপত্তাবলয়ে সড়কপথে এই ইউরেনিয়াম আসবে। ফলে সড়কে সম্ভাব্য যানজট এড়াতে শুক্রবার ভোর ৫টা থেকে পাবনা-ঢাকা বাস চলাচল বন্ধ থাকবে।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, ‘পাবনা-ঢাকা মহাসড়কে, বিশেষ করে বঙ্গবন্ধু সেতুপথে প্রচুর যানজট তৈরি হয়। ফলে ইউরেনিয়াম বহনকারী যানবাহন আসতে সমস্যা তৈরি হতে পারে। এ কারণেই মহাসড়কটি যানজটমুক্ত রাখতে ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। ইউরেনিয়াম প্রকল্পে পৌঁছে গেলেই বাস চলাচল শুরু হবে।’
এসপি জানান, এ সময় বিকল্প পথ হিসেবে পাবনা থেকে কাজীরহাট ফেরিঘাট নৌপথে আরিচা হয়ে ঢাকায় চলাচল করা যাবে। ঢাকাগামী যাত্রীরা জরুরি প্রয়োজনে যাতায়াত করতে এই রুট ব্যবহার করতে পারবেন।
এ ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে ইউরেনিয়ামের প্রথম চালান।
এদিকে বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্তে পাবনা থেকে ঢাকাগামী প্রতিটি গাড়ির টিকিট বিক্রি বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রাখবে বলে জানিয়েছে।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফি সরকার বলেন, ‘প্রশাসনের নির্দেশে আমরা টিকিট বিক্রি বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশ পেলে দিনের যেকোনো সময় বাস চলাচল শুরু হবে।’
রূপপুর প্রকল্পের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান।
রূপপুরের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের জ্বালানি প্রস্তুতকারী কোম্পানি তেভেলের একটি প্রতিষ্ঠান নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্ট (এনসিসিপি) রূপপুরের এই জ্বালানি উৎপাদন করছে।
আগামী ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এই জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ উপস্থিত থেকে এই জ্বালানি হস্তান্তর করবেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও স্পর্শকাতর এই প্রকল্প নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
২ ঘণ্টা আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
৪ ঘণ্টা আগে