চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এ সময় অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসীন আলী পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সারের ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছিলেন। তবে তাঁর বাড়ি চাটমোহর উপজেলার বৃ-রায়নগর গ্রামে। মহসীন আলী তাঁর নিজ বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিলেন—এমন গোপন সংবাদ পেয়ে আজ১ দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
এ সময় তাঁর ৮৪ বস্তা ডিএপি ও ৩০ বস্তা এমওপি মজুত করা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার খোলা বাজারে স্থানীয় কৃষকদের মাঝে ১ লাখ ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈয়ব রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ আজকের পত্রিকাকে জানান, অভিযান চালিয়ে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করা হয়েছে। বিক্রীত সারের টাকা ব্যাংক খুললে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।









