
পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে ‘নিশিরাতের অবৈধ কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তা স্থগিতের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত না করা হলে ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতির অবনতির দায়দায়িত্ব আয়োজকেরা বহন করবেন না।
‘ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের’ ব্যানারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র এমপি প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল।
সংবাদ সম্মেলন শেষে বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে কমিটি গঠনের জন্য দায়ী করা হয়।
এ সময় নেতারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত, অত্যাচারিত ও রাজপথে রক্ত ঝরিয়েছেন, সেই হাজার হাজার নেতাকর্মীকে বাদ দিয়ে খুনি, প্রতারক, ব্যাংক লুটেরা, অস্ত্রধারী, আন্তর্জাতিক মাদক মামলার আসামি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একতরফা নিশিরাতের কমিটি করা হয়েছে। এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হলো।
নেতারা আরও বলেন, ফ্যাসিস্ট হটাও আন্দোলনে অংশ নেওয়ার কারণে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা ফাঁসির মামলাসহ ৪৫টি মামলা দেওয়া হয়েছে। একইভাবে পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনামণিসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।
নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় বা জেলা কমিটি তৃণমূল নেতাকর্মীদের মতামত ও সিদ্ধান্ত উপেক্ষা করে একতরফাভাবে ‘পকেট কমিটি’ গঠন করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন জনি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক নেতা জাকির হোসেন জুয়েল, সাহাপুর ইউনিয়ন বিএনপির নেতা সেন্টু সরদার, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক এবং সাঁড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী।
দীর্ঘ বছর পর গত ১৬ আগস্ট ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত ওই কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয় সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদারকে। সদস্যসচিব করা হয় দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে।
পৌর বিএনপির আহ্বায়ক করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান পলাশকে। সদস্যসচিব করা হয় ঈশ্বরদীর সাবেক ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমনকে।
নবগঠিত কমিটি ঘোষণার পর কয়েক দিন ধরে ঈশ্বরদী শহরে জাকারিয়া পিন্টুর অনুসারী বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছেন।

পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো তৈরি ও জনদুর্ভোগ নিরসনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওয়ারপুলে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ হয়।
২ মিনিট আগে
প্রাথমিক শিক্ষায় কাগুজে প্রতিবেদনের বদলে শিক্ষার্থীর বাস্তব শিখনফল, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও বিদ্যালয়ের কার্যকারিতা যাচাইয়ে ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৮ মিনিট আগে
র্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা বোর্ড। এর মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর মেহেদী হাসান সোহাগ আজ মঙ্গলবার এ তথ্য স্বীকার...
১৮ মিনিট আগে
শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার নিন্দা জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব।
২৮ মিনিট আগে