পাবনায় অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের এক সাবেক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই ব্যাংক কর্মকর্তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হলেন গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি একই জেলার উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।
খালাসপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংক ভদ্রঘাট শাখা, কামারখন্দ, সিরাজগঞ্জের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে সৈয়দ আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দ নজরুল ইসলাম এবং আনোয়ার হোসেন শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত পরস্পর যোগসাজশে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণের তথ্য দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে আদায় করা টাকা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক সাইদুর রহমান।
দীর্ঘ শুনানি, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ উল্লিখিত রায় ঘোষণা করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী আর রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস।









