
নোয়াখালীর হাতিয়ায় জেলে বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া শিশু তামিমের (৬) সন্ধান মেলেনি ২৪ ঘণ্টায়ও। বুধবার সকালে ভোলা থেকে আসা কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার মেঘনা নদীতে মাছ ধরতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত হোসেন নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলছিল।
একপর্যায়ে অসাবধানতাবশত তামিম নদীতে পড়ে যায়। সঙ্গে থাকা চাচাতো ভাই বিষয়টি দেখে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও হাতিয়ায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে উদ্ধার কার্যক্রমে বিলম্ব হয়।
স্থানীয় বাসিন্দা আবদুল মন্নান বলেন, ‘একটি শিশু নদীতে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ডুবুরি দল না থাকায় সবাইকে অপেক্ষা করতে হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কোনো ডুবুরি দল নেই। এ কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। তবে বুধবার সকালে ভোলা থেকে কোস্ট গার্ডের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।’
বুধবার সকাল থেকে ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। কোস্ট গার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা পৌনে তিনটা) নিখোঁজ শিশু তামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন তামিমের মা-বাবা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পশ্চিম চরচেঙ্গা গ্রামের পরিবেশ। প্রতিবেশীরা পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও স্বজনদের চোখে-মুখে এখন শুধুই উৎকণ্ঠা আর অপেক্ষা।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে