Ajker Patrika

হাতিয়ায় হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৭
হাতিয়ায় হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ
হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী প্রচারে চলাকালে হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন। বুড়িরচর ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।

শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‘আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। সঙ্গে থাকা তাঁর দেবরকেও কয়েকজন মিলে মারছে বলে তিনি অভিযোগ করেন।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়, বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপির কিছু লোক হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলা করে। তাঁরা তাঁর মোবাইল ছিনিয়ে নেয়। তাঁর সঙ্গে থাকা তাঁর দেবরকে পিটিয়ে আহত করা হয়।

এ ছাড়া হাতিয়ার বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

হাতিয়া ছাত্রশক্তির সদস্যসচিব আশিক এলাহী জানান, এই মুহূর্তে হান্নান মাসউদের স্ত্রী ওচখালী এলাকায় তাঁদের বাসায় অবস্থান করছেন।

এই বিষয়ে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানান, হান্নান মাসউদের স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি বলে দাবি করেন তিনি।

এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার ঘটনাটি আমি শুনেছি। একটু আগে তাঁর সঙ্গে দেখা হয়েছে। তিনি এখন ওচখালীতে বাসায় আছেন। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত