
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের উপস্থিতিতে হাতিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের প্রবেশদ্বারে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আজ নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যাওয়ার পথে পরিষদ ভবনের প্রবেশদ্বারে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ছাত্রদল-যুবদল নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন।
ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের অভিযোগ, জাতীয় সংসদে হাতিয়ার নৌঘাটসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা ও জন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আবদুল হান্নান মাসউদ। তাঁদের দাবি, জেলা আইনশৃঙ্খলা সভা এবং এনসিপির কর্মী সমাবেশেও তিনি হাতিয়া বিএনপির নেতা-কর্মীদের নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় আসার সময় পরিষদ ফটকে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে সংসদ সদস্যের সঙ্গে থাকা লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংসদ সদস্য নিজেও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় বিএনপির কয়েকজন নেতা সংসদ সদস্যকে আইনশৃঙ্খলা কমিটির সভায় নিয়ে যান। সভার শেষ দিকে বাইরে আবার হট্টগোলের খবর পেয়ে আবদুল হান্নান মাসউদ বক্তব্য না দিয়েই বের হয়ে যান এবং সেখানে তর্কে জড়ান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হট্টগোলের একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষিতে উপজেলা যুবশক্তির সদস্যসচিব ছাইফুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের নেতা আকরাম, সাকিব, সাখাওয়াত হোসেন হিরো, আজাদ ও আকরাম আহত হন। উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রশাসনের সহযোগিতায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তাঁর নেতা-কর্মীদের নিয়ে বাসভবনে চলে যান।
হাতিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল বলেন, ‘এমপি হান্নান মাসউদ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক মিথ্যা বক্তব্য দেন, যা তিনি প্রতিনিয়তই করছেন। আজকের এই ঘটনাও হান্নান মাসউদের উসকানি ও উগ্রতার কারণে ঘটেছে। এখানে বিএনপির কোনো নির্দেশনা ছিল না।’
উপজেলা এনসিপির আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, ‘আজকের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায় উগ্রতার পরিচয় দিয়েছে। আজকেও তারা খুবই উগ্র ছিল। তারা পরিকল্পিতভাবে আজকের ঘটনাটি ঘটিয়েছে।’
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
রংপুরের পীরগাছায় অধিক মুনাফার প্রলোভনে প্রায় ১ হাজার ১০০ গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা নিয়ে পলাতক হওয়ার অভিযোগ উঠেছে হাসনা আলোর যাত্রী গ্রাম সার্বিক উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মাহমুদুল হাসান সোহেলের বিরুদ্ধে। ভুক্তভোগীরা প্রতিকার চেয়েছেন।
৬ মিনিট আগে
রাজধানীতে ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে আহত পথচারী ও আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি...
৯ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় বিষাক্ত দ্রব্য পানে লাবনী আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্কের বিষয় নিয়ে ঝগড়ার জেরে তিনি বিষ পান করেছেন।
২৭ মিনিট আগে