Ajker Patrika

স্বামীর সঙ্গে কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৪
স্বামীর সঙ্গে কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় বিষাক্ত দ্রব্য পানে লাবনী আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাবনী একই ইউনিয়নের সরদারকান্দি গ্রামের আব্বাস আলী মল্লিকের মেয়ে ও জিলু কাজীর স্ত্রী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সবার অজান্তে নিজ বসতঘরে বিষাক্ত দ্রব্য পান করেন লাবনী আক্তার। পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জিলু কাজীর সঙ্গে লাবনী আক্তারের দাম্পত্যকলহ চলছিল। স্বামীর সঙ্গে অন্য এক নারীর সম্পর্কের বিষয় নিয়েও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পারিবারিক বিরোধের জেরে লাবনী বিষাক্ত দ্রব্য পান করেছেন বলে পরিবারের দাবি।

ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিহত লাবনীর চাচাতো ভাই মো. রনি বলেন, ‘স্বামীর সঙ্গে লাবনীর নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। সম্প্রতি তাঁর স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্ক টের পেয়ে যায় লাবনী। হয়তো এসব কারণে সে বিষ পান করেছে। এই ঘটনায় ওর স্বামীর বিচার দাবি করছি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত