মাদ্রাসায় গিয়ে নিখোঁজ ৭ বছরের কন্যাশিশু, লাশ মিলল পাশের পরিত্যক্ত ভবনে

সকালে হাসিমুখে ১০ বছর বয়সী বড় ভাইয়ের হাত ধরে মাদ্রাসায় গিয়েছিল ৭ বছরের শিশু তাইবা ইলান নুহা। অন্যদিনের মতো মাদ্রাসায় ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয় নুহা। পরে মাদ্রাসার পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়ির পেছনে পাওয়া যায় তার মৃতদেহ।
গতকাল সোমবার রাতে সুধারাম মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তাইবা ইলান নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেন সুমনের মেয়ে। সে পার্শ্ববর্তী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের মহতাপুর তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত নিহাদের সঙ্গে মাদ্রাসায় যায় নুহা। দুপুর ১টার দিকে ক্লাস শেষ হলে বড় ভাই মাদ্রাসার টয়লেটে যায়। সেখান থেকে বের হয়ে নুহাকে দেখতে না পেয়ে সে একাই বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে মাকে জিজ্ঞেস করে নুহা বাড়িতে এসেছে কিনা।
নুহা না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন মা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির করা হয়। সন্ধ্যায় মাদ্রাসা সংলগ্ন হানাতি বাড়ির পেছনে নুহার মরদেহ দেখতে পায় স্থানীয় এক শিশু। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মুখসহ শরীরে কিছু পিঁপড়া দেখা গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।









