
দেশের বিভিন্ন স্থানে সার সংকটের খবর ও গুজব ছড়ালেও নীলফামারীতে সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃষি বিভাগ বলছে, জেলার ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। মাঠপর্যায়েও কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে। তবে সংকটের গুজবে কেউ কেউ প্রয়োজনের অতিরিক্ত সার কিনতে ছুটছেন বলে জানিয়েছেন কৃষক ও ডিলাররা।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত নীলফামারীতে ১ লাখ ১৩ হাজার ২০৫ হেক্টর জমিতে আমনের চারা রোপণ হয়েছে। চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৩ হাজার ২২০ হেক্টর। ফলে লক্ষ্যমাত্রার প্রায় পুরোটা ইতিমধ্যে অর্জিত হয়েছে।
জেলায় কৃষিজমির পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৩৯৬ হেক্টর। অবশিষ্ট জমিতে শাকসবজি ও অন্যান্য মসলা জাতীয় ফসল চাষ হচ্ছে। জেলায় কৃষক পরিবারের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ মেট্রিক টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
সেপ্টেম্বর মাসে ইউরিয়া ৩ হাজার ১৫৬, টিএসপি ২২০, ডিএপি ২ হাজার ৮ এবং এমওপি ১ হাজার ৭৭ টন চাহিদার বিপরীতেও শতভাগ বরাদ্দ পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত মজুত রয়েছে ইউরিয়া ১ হাজার ৯১৬, টিএসপি ৮৯, ডিএপি ৭০০ এবং এমওপি ৫৯০ টন।
জেলায় সার ডিলারের সংখ্যা ২০৬। এর মধ্যে সদর উপজেলায় ৪৪, সৈয়দপুরে ৩৪, ডোমারে ৩১, ডিমলায় ৩২, জলঢাকায় ৩৫ এবং কিশোরগঞ্জে ৩০ জন। তাঁদের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সদরের পলাশবাড়ি বাজারের সার ডিলার মেসার্স পোদ্দার ব্রাদার্সে গিয়ে স্বাভাবিকভাবে সার বিতরণের চিত্র দেখা যায়। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেও সার কেনার জন্য কোনো কৃষককে দেখা যায়নি।
ডিলার নিশিত কুমার পোদ্দার জানান, সকাল থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত তাঁর পয়েন্ট থেকে ১০ জন কৃষক সার নিয়েছেন। তাঁদের যৌক্তিক চাহিদা অনুযায়ী সার দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার পয়েন্টে সার মজুত স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো কৃষক সার নিতে এসে ফেরত যাননি। তবে আগের তুলনায় কৃষির নিবিড়তা বেড়েছে, কিন্তু বরাদ্দ আগের মতোই আছে। কৃষির নিবিড়তা অনুযায়ী সুষম বরাদ্দ এবং ডিলারদের মধ্যে বণ্টন এখন সময়ের দাবি।’
জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলী (৫০) তিন বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তিনি বলেন, ‘সময়ের মধ্যে সার কিনে জমিতে প্রয়োগ করতে পেরেছি। এ জন্য কোনো হয়রানিতে পড়তে হয়নি। তবে চারা লাগানোর ২২ দিনের মাথায় টিএসপি সারের প্রয়োজন ছিল। বাজারে বাংলা টিএসপি পাওয়া যাচ্ছে না। তবে অন্য কোম্পানির একই ধরনের সার পাওয়া যাচ্ছে।’ তিনি বলেন, ‘সার সরবরাহ পর্যাপ্ত থাকলেও সংকটের গুজবে অনেকে পরবর্তী ফসলের জন্য আগাম সার কিনছেন। কিছু অসাধু ব্যবসায়ীও বেশি দামে বিক্রির জন্য সার মজুত করছেন বলে শুনেছি।’
টুপামারী ইউনিয়নের কৃষক কারিমুল ইসলাম (৩২) এক বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তিনি বলেন, ‘সার সংকটের কথা শুনছি। কিন্তু আমি সারের দোকানে গিয়ে প্রয়োজনমতো সার কিনে সময়মতো জমিতে প্রয়োগ করেছি।’
টিএসপি সার এখন প্রয়োজন আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘না হলেও চলবে, তবে দিলে ফসল ভালো হয়।’
নীলফামারী কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোছা. হুমায়রা মণ্ডল বলেন, ‘সার সংকটের কথা কারা বলছেন, কেন বলছেন সেটি খুঁজে দেখতে হবে। মাঠপর্যায়ে এর বাস্তব প্রতিফলন নেই। এ জেলায় সারের কোনো সংকট নেই। ডিলার পয়েন্টে বেশি দামে বিক্রিরও কোনো ঘটনা নেই।’ তিনি বলেন, ‘কৃষকদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে—জমিতে বেশি সার দিলে বেশি ফলন হবে। এ বিষয়ে আমরা মাঠপর্যায়ে সচেতনতা তৈরি করছি। টিএসপি একবারে প্রয়োগ করতে বলা হয়। অনেক কৃষক সেটি বুঝতে পারেন না।’
টিএসপির পাশাপাশি ডিএপি ও ডিএসপি ব্যবহারের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাজারে টিএসপি কম থাকলেও পর্যাপ্ত ডিএপি ও ডিএসপি রয়েছে। কৃষকদের সচেতন করতে উঠান বৈঠক, কৃষক সমাবেশ ও কৃষক মাঠ স্কুলে আলোচনা অব্যাহত আছে।’ তিনি আরও বলেন, আমন মৌসুমে সারের পর্যাপ্ত সরবরাহ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে আবাদ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এতে ভালো ফলনের আশা করা যাচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১৭ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৪২ মিনিট আগে