বাজিতে লবণ-সোডা খেয়ে হাসপাতালে বৃদ্ধ, দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

৫০০ টাকার বাজিতে এক কেজি লবণ ও ১৫০ গ্রাম সোডা খেয়েছিলেন ৭৫ বছর বয়সী লক্ষণ চন্দ্র পাল। এরপরই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। সামনে যাকেই পেয়েছেন, তাকেই মারধর ও কামড় দিয়েছেন। এমনকি চিনতে পারছেন না পরিবারের সদস্যদেরও। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর (পালপাড়া) গ্রামের। এ ঘটনায় লক্ষণ চন্দ্র পালের ছেলে সুজিত চন্দ্র পাল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে বাবাকে অতিরিক্ত পরিমাণে লবণ ও সোডা খাইয়ে হত্যার চেষ্টা করেছেন ওই দুই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে প্রতিবেশী পিয়াস পাল ও মিটন পালের সঙ্গে এক কেজি লবণ ও ১৫০ গ্রাম সোডা খাওয়ার শর্তে ৫০০ টাকার বাজি ধরেন লক্ষণ চন্দ্র পাল। পরে একটি জগে পানি নিয়ে তাতে লবণ ও সোডা মিশিয়ে পান করেন তিনি।
এর কিছুক্ষণ পর থেকে লক্ষণ চন্দ্র পালের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। যাকেই কাছে পাচ্ছিলেন, তাকেই মারধর ও কামড় দিতে শুরু করেন। পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না তিনি। এমনকি ছেলে সুজিতকেও মারধর ও কামড় দেন। পরিস্থিতির অবনতি হলে স্বজনেরা তাঁকে মমেক হাসপাতালে নিয়ে যান।
আজ বুধবার বিকেলে সুজিত চন্দ্র পাল বলেন, ‘আমার বাবা সহজ-সরল প্রকৃতির মানুষ। প্রতিবেশী পিয়াস ও মিটন পাল তাঁকে লবণ ও সোডা খেতে পারলে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। তাঁদের কথায় বিশ্বাস করে ওই মিশ্রণ পানের পরই বাবার আচরণ বদলে যায়। সামনে যাকেই পাচ্ছিলেন, তাকেই মারধর ও কামড় দিচ্ছিলেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না।’
বাবার শারীরিক অবস্থার বিষয়ে সুজিত বলেন, ‘এখন বাবা সামান্য কথা বলতে পারছেন। আগের তুলনায় অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর আগে সারাক্ষণ অক্সিজেন দিতে হতো। নিজে থেকে শ্বাস নিতে পারতেন না, কারও ডাকেও সাড়া দিতেন না। চিকিৎসকেরা আরও চার-পাঁচ দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।’
সুজিতের অভিযোগ, তাঁর বাবার ক্ষতি করার উদ্দেশ্যেই টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে অতিরিক্ত পরিমাণে লবণ ও সোডা খাওয়ানো হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পিয়াস ও মিটন পালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আজ বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া বলেন, ‘লক্ষণ পাল বাজি ধরে লবণ ও সোডা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি। যা খেলে শরীরের ক্ষতি হতে পারে, সেগুলো নিয়ে বাজি ধরা উচিত হয়নি।’
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পিয়াস পাল ও মিটন পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।









